আর কোনো রাজবন্দী নেই: মিয়ানমার
মিয়ানমারে আর কোনো রাজবন্দী নেই বলে গতকাল মঙ্গলবার ঘোষণা করেছে দেশটির সরকার। প্রেসিডেন্টের প্রতিশ্রুতি অনুযায়ী দেশটির সব ভিন্নমতাবলম্বীকে চলতি বছরের মধ্যে মুক্তি দেওয়ার লক্ষ্যে সাধারণ ক্ষমার আদেশ জারি করা হয়েছিল। ২০১১ সালে মিয়ানমারে সামরিক শাসনের অবসানের পর থেকে রাজনৈতিক সংস্কার বাস্তবায়নের অংশ হিসেবে ইতিমধ্যে দেশটির উল্লেখযোগ্য সংখ্যক বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে দেশটির ওপর পশ্চিমা বিভিন্ন দেশের অর্থনৈতিক অবরোধ প্রত্যাহার করা হয়েছে। মিয়ানমারের কর্তৃপক্ষ গত সোমবার জানায়, জান্তা সরকারের জরুরি বিধিসহ বিতর্কিত আইনের আওতায় বন্দী ব্যক্তিরা সাধারণ ক্ষমার আওতায় মুক্তি পাবেন। প্রেসিডেন্টের মুখপাত্র ইয়ে তুট সামাজিক যোগাযোগের অনলাইন মাধ্যম ফেসবুকে প্রকাশিত এক বার্তায় বলেন, ‘ওই সাধারণ ক্ষমা এবং পাঁচটি ভিন্ন পর্যায়ের ক্ষমা ঘোষণার মানে হচ্ছে, মিয়ানমারে আর কোনো রাজবন্দী নেই। আমি বলতে চাই, প্রেসিডেন্ট জনগণের প্রতি তাঁর প্রতিশ্রুতি রেখেছেন। কারণ, ২০১৩ সালের শেষে এসে দেশে আর কোনো রাজবন্দী নেই।’
সাধারণ ক্ষমার আওতায় ঠিক কতজন বন্দী মুক্তি পাবেন, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করা হয়নি। অধিকারকর্মীদের দাবি, মিয়ানমারে এখনো প্রায় ৪০ জন ভিন্নমতাবলম্বীকে বন্দী রাখা হয়েছে। এ ছাড়া আরও ২০০ জন বিচারের অপেক্ষায় রয়েছেন।
সংস্কার উদ্যোগ শুরু হওয়ার পর মূল ধারার রাজনীতিতে ফিরে এসেছেন গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি। বিতর্কিত আইনের আওতায় তাঁকেও বহু বছর গৃহবন্দী রেখেছিল সাবেক জান্তা সরকার। কয়েক দফা সাময়িক মুক্তির পর তাঁকে ২০১০ সালে স্থায়ীভাবে গৃহবন্দিত্ব থেকে মুক্তি দেওয়া হয়। এএফপি।