আর খনিতে নামতে দিতে চান না স্বজনেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিলির ৩৩ খনিশ্রমিককে উদ্ধারের পর তাঁদের পরিবার-পরিজন ভয়ংকর দুঃস্বপ্ন থেকে মুক্তি পেলেও নতুন দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা। তাঁদের ভয়, শ্রমিকেরা আবার পুরোনো পেশায় ফিরে যেতে পারেন। তবে স্বজনেরা তাঁদের আবার সেই ‘পাতালপুরীতে’ নামতে দিতে চাইছেন না।উদ্ধার হওয়া দুই সহোদর শ্রমিক ফ্লোরেসিও এবং রেনানের বাবা আলফোনসো অ্যাভালোস এএফপিকে বলেন, ‘বাবা হিসেবে আমি তাদের চাকরি বদলাতে বলব। তাদের খনিতে কাজ করতে নিষেধ করব। তবে সেখানে যাওয়া না-যাওয়ার সিদ্ধান্ত তারাই নেবে।’ কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘যে কাণ্ড ঘটে গেছে, তার পরও যদি তারা খনিতে নামে তাহলে দুশ্চিন্তায় আমি ঠিকমতো ঘুমাতে পারব না।’খনি থেকে একের পর এক শ্রমিককে যখন বের করে আনা হচ্ছিল, তখন নিকটস্থ তাঁবুতে আটকে পড়া ছেলের মুক্তির অপেক্ষায় ছিলেন জিমি কারদোনা। তিনি বলেন, ‘খনিতে নেমে আবার ফিরে আসা যাবে কি না, তা খনিশ্রমিকেরা কখনোই বলতে পারে না।’উদ্ধার পাওয়া শ্রমিকেরা কোম্পানির কাছে লাখ লাখ ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলা করবেন। ধারণা করা হচ্ছে, কোম্পানি তাঁদের মোটা অঙ্কের অর্থ দেবে। আন্তর্জাতিক মিডিয়ার কল্যাণে তাঁরা ইতিমধ্যেই তারকাখ্যাতি পেয়েছেন। তাঁদের নিয়ে সিনেমা তৈরি করার জন্য প্রযোজকেরা চুক্তিও করেছেন। এসব খাত থেকে তাঁরা যে অর্থ পাবেন, তা দিয়ে ইচ্ছে করলে তাঁরা বাকি জীবনটা স্বচ্ছন্দে কাটাতে পারবেন। কিন্তু তার পরও কয়েকজন শ্রমিক তাঁদের আত্মীয়স্বজনকে ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, তাঁরা আবার পুরোনো পেশায় যোগ দেবেন।ভিক্টর নামের উদ্ধার হওয়া এক শ্রমিকের বোন সিলভিয়া সেগোভিয়া বলেন, তিনি চান না তাঁর ভাই আবার খনিতে কাজ করতে যাক। কিন্তু ভিক্টর তাঁর পরিবারের সদস্যদের বলেছেন, এ পেশা তাঁর রক্তের সঙ্গে মিশে গেছে। এ কাজ তিনি ছাড়তে পারবেন না। সিলভিয়া বলেন, ‘ভিক্টর আমাকে বলেছে, “আমি একজন খনিকর্মী”, খনিকর্মী হিসেবেই মরতে চাই।’