আর ছাপা হবে না এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুনিয়াজুড়ে খ্যাত বিশ্বকোষ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা আর ছাপার অক্ষরে প্রকাশিত হবে না। উইকিপিডিয়ার মতো ওয়েবসাইট-ভিত্তিক বিশ্বকোষের সঙ্গে প্রতিযোগিতায় কুলিয়ে উঠতে না পেরে ব্রিটানিকা কর্তৃপক্ষ ২৪৪ বছর পর এই সিদ্ধান্ত নিয়েছে।এ সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে ব্রিটানিকা ৩২ খণ্ডের মোটা বই আর নতুন করে প্রকাশিত হবে না। এর চেয়ে বরং বিশ্বকোষটির ডিজিটাল সংস্করণ বাড়ানোর দিকে মন দেবে প্রতিষ্ঠানটি। ওয়েবসাইট-ভিত্তিক বিশ্বকোষের জনপ্রিয়তা দিন দিন বাড়তে থাকায় এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার মুদ্রিত সংস্করণের বিক্রি বেশ কমে গেছে। বর্তমানে বিশ্বকোষটির প্রতিষ্ঠানের প্রায় ৮৫ শতাংশ রাজস্ব আসছে অনলাইন-ভিত্তিক বিক্রি থেকে।সমপ্রতি ট্যাবলেট পিসির জন্য এই বিশ্বকোষের ডিজিটাল সংস্করণ প্রকাশিত হয়েছে। ব্রিটানিকার প্রেসিডেন্ট জর্জ কজ বলেন, ‘কয়েক বছর ধরেই মুদ্রিত বিশ্বকোষের বিক্রিতে মন্দাভাব চলছে। তিনি জানান, অনলাইনে যেকোনো বিষয়ে জানা ও খোঁজার বিষয় তুলনামূলকভাবে দ্রুত হওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কাজেই অনলাইন-ভিত্তিক প্রকাশনার দিকে ঝুঁকেছেন তাঁরা। কজ বলেন, মুদ্রিত বিশ্বকোষ এখন সেকেলে হয়ে গেছে। তিনি বলেন, ‘আমাদের অনলাইন সংস্করণ অবিরত হালনাগাদ করা হচ্ছে।’এদিকে নিয়মিত বিশ্বকোষ ব্যবহারকারীরাও বলেছেন, মুদ্রিত সংস্করণের চেয়ে বরং অনলাইন সংস্করণ ব্যবহারই তাঁদের বেশি পছন্দ। বিবিসি।