আর প্রধানমন্ত্রী হতে চান না মনমোহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। ছবি : ইন্ডিয়ান এক্সপ্রেসের সৌজন্যে।
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। ছবি : ইন্ডিয়ান এক্সপ্রেসের সৌজন্যে।

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং জানিয়েছেন, তিনি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে চান না। আসন্ন সাধারণ নির্বাচনের পর নতুন প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা হস্তান্তর করবেন বলে জানিয়েছেন তিনি।
আজ শুক্রবার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা জানান মনমোহন সিং। টাইমস অব ইন্ডিয়া ও আনন্দবাজার পত্রিকার অনলাইনের খবরে এ কথা জানানো হয়।
মনমোহন সিং বলেন, আগামী নির্বাচনে সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) যদি আবার নির্বাচিত হয়, তবে জোটের পক্ষ থেকে তিনি আর প্রধানমন্ত্রী পদে প্রার্থী হবেন না। তিনি বলেন, তরুণ প্রজন্মের হাতে ক্ষমতা হস্তান্তরের এটাই সঠিক সময়। কংগ্রেস যথাসময়ে প্রধানমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করবে। তবে প্রধানমন্ত্রী পদের জন্য রাহুল গান্ধী যোগ্যতম দাবিদার বলে মন্তব্য করেছেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী।
নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হলে দেশের জন্য তা বিপর্যয়কর ঘটনা হবে বলে মন্তব্য করেছেন মনমোহন সিং।
প্রধানমন্ত্রী বলেন, বিধানসভা নির্বাচনে দল ভালো ফল করতে পারেনি। এ থেকে শিক্ষা নিয়ে লোকসভা নির্বাচনে লড়বে কংগ্রেস।

গত তিন বছরে এটি প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রথম সংবাদ সম্মেলন।

এদিকে মোদীকে নিয়ে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের এ বক্তব্যকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।