আর রইল না বাওবাবের ছায়া
দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার মৃত্যুতে শোক প্রকাশ করে গতকাল শুক্রবার আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) ও দেশটির রাজনীতিবিদেরা বিবৃতি দিয়েছেন। ম্যান্ডেলার মৃত্যুতে মহিরুহের পতন হলো উল্লেখ করে এএনসি বলেছে, ‘বিরাট বাওবাব গাছটি মাথার ওপর থেকে সরে গেল। তবে এর শিকড়গুলো দক্ষিণ আফ্রিকার মাটির উর্বরতা শক্তি বাড়িয়ে চলবে আজীবন।’
এএনসির বিবৃতিতে বলা হয়, ‘দেশ-বিদেশের কোটি কোটি মানুষ বিশাল মাপের বিনম্র গুণাবলিসমৃদ্ধ শান্তি, সাম্য ও ন্যায়বিচারের প্রতীককে হারাল।’
দক্ষিণ আফ্রিকার রাজনীতিবিদেরা ম্যান্ডেলাকে আইকন হিসেবে উল্লেখ করেন। ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (ডিএ) নেতা হেলেন জিল্লি বলেন, ‘ম্যান্ডেলা ছিলেন এক মহান দক্ষিণ আফ্রিকান, যাঁর কোনো মৃত্যু নেই।’ তিনি বলেন, ‘আমরা তোমাকে কখনোই ভুলব না।’
ইকোনমিক ফ্রিডম ফাইটার্স দলের নেতা জুলিয়াস মালেমা খুদে ব্লগ লেখার সাইট টুইটারে লিখেছেন, ‘স্যালুট, কমরেড প্রেসিডেন্ট মাদিবা।’
আগাং এসএর নেতা মাম্ফেলা রাম্ফেলে বলেন, ম্যান্ডেলার মৃত্যু সবাইকে শোকসন্তপ্ত করে তুলেছে। এতেই প্রমাণিত হয়, মুক্তিযুদ্ধের একজন নেতা হিসেবে জাতি গঠনে তিনি ছিলেন সফল। এএফপি।