আরএসএসের প্রভাবমুক্ত হতে পারবেন মোদি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেওয়ার আগে ১৫ বছর কট্টর হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সঙ্গে নানাভাবে যুক্ত ছিলেন নরেন্দ্র মোদি৷ বলা হয়, আরএসএস হচ্ছে বিজেপির আদর্শিক অভিভাবক৷ আরএসএসের একসময়কার শিষ্যই হতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী৷ আশঙ্কা জেগেছে, মোদি কি উগ্রবাদী এই সংগঠনের প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন?
অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, মোদি চাইলেও আরএসএস তাঁকে কবজায় রাখার চেষ্টা করবে৷ বিজেপির অটল বিহারি বাজপেয়ির সরকারে আরএসএসের ভূমিকা থাকলেও, সেটা ছিল অনেকটা গোপনে৷ কিন্তু মোদি সরকার গঠন করার আগেই তাঁর ওপর প্রকাশ্যে ছড়ি ঘোরাতে শুরু করেছে আরএসএস৷ মন্ত্রিসভায় কে থাকবেন, কে থাকবেন না, তা নিয়ে ইতিমধ্যে আরএসএস ও মোদির মধ্যে কয়েক দফা বৈঠক হয়েছে৷ তা ছাড়া আরএসএসের কর্মীরাও মোদিকে নিজেদের প্রধানমন্ত্রী হিসেবে ভাবতে শুরু করেছেন৷
সারা দেশে মোদির হয়ে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালিয়েছে আরএসএসের হাজার হাজার অনুসারী৷ জয়ের পর তাঁরা আশা করছেন, মোদি তাঁদের জন্য কিছু করবেন৷
শিক্ষার্থী ও আরএসএসের কর্মী রাজিব ভর্ম (২৩) বলেন, ‘যেহেতু আরএসএসের একজন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, তাই আমরা আশা করছি, তিনি শুধু দেশের জন্যই নয়, আরএসএসের জন্যও কিছু করবেন৷ তাঁর জন্য আমরা গর্বিত৷’
সমালোচকেরা বলছেন, বিজেপির নতুন সরকারে ‘দূরনিয়ন্ত্রণ’-এর মতো কাজ করবে আরএসএস৷ অবশ্য, এই অভিযোগ উড়িয়ে দিয়েছে তারা৷ নাগপুরে নির্বাচন-পরবর্তী এক সংবাদ সম্মেলনে আরএসএসের সাধারণ সম্পাদক সুরেশ যোশি বলেন, ‘সরকার আমাদের ডাকলে, তবেই আমরা তাদের পরামর্শ দেব৷’
সরকার গঠন প্রশ্নে গত রোববার আরএসএসের শীর্ষ নেতাদের সঙ্গে নয়াদিল্লিতে বৈঠক করেন মোদি৷ সেখানে বিজেপিপ্রধান রাজনাথ সিং ও আরএসএসের প্রধান মোহন ভাগবত উপস্থিত ছিলেন৷ বৈঠকে সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে আলোচনা হয়৷
সূত্র জানায়, অরুণ জেটলিকে অর্থমন্ত্রী, সুষমা স্বরাজকে প্রতিরক্ষা অথবা পররাষ্ট্র, সাবেক সেনাপ্রধান জেনারেল ভি কে সিংকে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী বানানোর চিন্তাভাবনা চলছে৷ বিজেপির প্রধান রাজনাথ শুরুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চেয়েছিলেন৷ কিন্তু আরএসএসের একটা অংশ চাইছে, রাজনাথ বিজেপির প্রধান হিসেবেই দায়িত্ব পালন করুন৷ পরে রাজনাথও মন্ত্রিসভায় না গিয়ে আরও কিছুদিন দলের দায়িত্ব পালনের ইচ্ছা প্রকাশ করেন৷
তবে বিশেষজ্ঞরা বলছেন, আরএসএসকে হতাশ করতে পারেন মোদি৷ কেননা, তিনি ভালো করেই জানেন, আরএসএসকে খুশি করে নয়, দেশের অর্থনৈতিক উন্নয়নের ওপরই তাঁর ভবিষ্যৎ নির্ভর করছে৷ এএফপি, সিএনএন-আইবিএন৷