আরও অবরোধের মুখে মস্কো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেনকে অস্থিতিশীল করার চেষ্টা বন্ধ করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানিয়েছে জি-৭৷ অন্যথায় মস্কোকে আরও অবরোধের মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে শিল্পোন্নত সাতটি দেশের এই সংগঠন৷ খবর এএফপি ও বিবিসির৷
বেলজিয়ামের ব্রাসেলসে গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে জি–৭ সম্মেলন৷ নব্বইয়ের দশকে রাশিয়া সংগঠনটিতে যোগ দেওয়ায় এটি জি-৮ নামে পরিচিতি পায়৷ তবে গত মার্চে ইউক্রেনের স্বায়ত্তশাসিত এলাকা ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে যুক্ত করায় বাকি সাতটি দেশ ক্ষুব্ধ হয়৷ এমন প্রেক্ষাপটে রাশিয়াকে বাদ দিয়েই এবার সম্মেলন হচ্ছে৷
রুশ নেতা পুতিন সম্মেলনে নিষিদ্ধ হলেও আলোচনার পথ খোলা রেখেছেন৷ বলেছেন, তিনি ইউক্রেনের নবনির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসতে রাজি৷ তবে জি-৭ নেতারা বলেছেন, তাঁরা ফ্রান্সে আগামী শুক্রবার ডি-ডে স্মরণানুষ্ঠানের সময় পুতিনের সঙ্গে ‘গঠনমূলক’ আলোচনা আশা করছেন৷ তার পরও মস্কো যা করছে, সে জন্য তাদের আরও শাস্তিমূলক ব্যবস্থার মুখোমুখি হতে পারে৷
জি-৭-এর যৌথ ইশতেহারে প্রভাবশালী বিশ্বনেতারা বলেন, ‘পুতিনকে অবশ্যই ইউক্রেনের ২৫ মের প্রেসিডেন্ট নির্বাচনকে স্বীকৃতি দিতে হবে৷ ওই নির্বাচনে জিতেছেন পেত্রো পোরোশেঙ্কো৷ পাশাপাশি ইউক্রেনের পূর্বাঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা বন্ধ ও সীমান্ত এলাকা থেকে রুশ সেনাদের সরিয়ে নিতে হবে৷ রাশিয়াকে আরও চাপে ফেলতে সুনির্দিষ্টি কঠোর অবরোধ আরোপ করতে এবং বাড়তি কিছু গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নিতে আমরা প্রস্তুত৷’
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এর আগে পোল্যান্ডে অবস্থানের সময় ইউক্রেন নিয়ে রাশিয়ার ‘ধোঁয়াশাপূর্ণ কৌশলে’র কড়া সমালোচনা করেন৷ ডি-ডের ৭০তম বার্ষিকী উপলক্ষে ফ্রান্সের নরম্যান্ডিতে আজ শুক্রবার এক স্মরণানুষ্ঠানে ওবামার সঙ্গে পুতিনের দেখা হবে৷
অবশ্য অন্য জি-৭ নেতারা কিছুটা নরম সুরে কথা বলেছেন৷ ওই দেশগুলোর ব্যবসা-বাণিজ্য ওয়াশিংটনের চেয়ে মস্কোর সঙ্গেই বেশি৷ এর মধ্যে জার্মান চ্যান্সেলর অাঙ্গেলা ম্যার্কেল বলেন, আলোচনায় কোনো অগ্রগতি না হলে তখনই কেবল বাড়তি অবরোধের বিষয়টি চিন্তা করতে হবে৷
ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বলেন, সংলাপ ও উত্তেজনা প্রশমনকে ‘অবশ্যই গুরুত্ব দিতে হবে’৷ ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, পুতিনকে তিনিও একই বার্তা দেবেন৷
ইতিমধ্যে পুতিন ইঙ্গিত দিয়েছেন, তিনি ফ্রান্সে ইউক্রেনের নবনির্বাচিত প্রেসিডেন্ট পোরোশেঙ্কোর সঙ্গে বৈঠক করতে পারেন৷ এমনকি ওবামার সঙ্গেও বৈঠক হতে পারে৷
তবে রুশ প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রকে কটাক্ষ করতেও ছাড়েননি৷ তিনি বলেন, ‘ইরাকে গণবিধ্বংসী অস্ত্র থাকার প্রমাণ রয়েছে বলে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কী হাজির করেছিলেন, তা পুরো বিশ্বেরই জানে৷ তিনি নিরাপত্তা পরিষদে কিছু কাচের নল ঘুরিয়ে-ফিরিয়ে সবাইকে দেখিয়েছিলেন৷ আসলে তাতে ছিল কিছু কাপড় কাচার গুঁড়া সাবান৷’
এদিকে রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ জি-৭ নেতাদের বক্তব্যে হতাশা ব্যক্ত করেছেন৷ তিনি বলেছেন, ‘ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থীদের ওপর ইউক্রেনের সামরিক অভিযানের পরও ইউক্রেনের প্রতি জি-৭ নেতাদের সমর্থন ‘চরম হতাশাজনক৷’
জি-৭-এর এ সম্মলেন রাশিয়ায় হওয়ার কথা ছিল৷ কিন্তু ইউক্রেন-সংকটে রাশিয়ার ভূমিকা নিয়ে অন্য সদস্য দেশগুলো ক্ষুব্ধ হওয়ায় সম্মেলন ব্রাসেলসে স্থানান্তরের সিদ্ধান্ত হয়৷
গত বছরের নভেম্বরে ইউক্রেন-সংকটের শুরু হয়৷ আন্দোলনের মুখে রুশপন্থী প্রেসিডেন্ট ভিক্তর ইয়ানুকোভিচ গত ফেব্রুয়ারিতে ক্ষমতাচ্যুত হলে ইউক্রেনের পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে৷