আরও অবৈধ বসতি স্থাপনের ঘোষণা ইসরায়েলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘ ফিলিস্তিনকে পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা দেওয়ার পরদিনই ইসরায়েল পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে তিন হাজার অবৈধ বাড়ি নির্মাণের ঘোষণা দিয়েছে। এটিকে ইসরায়েলের ‘প্রতিশোধমূলক’ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েলের বসতি নির্মাণের সিদ্ধান্তের সমালোচনা করেছে তার ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। অন্যদিকে ফিলিস্তিনিরা একে তাদের ‘রাষ্ট্রের বিরুদ্ধে আগ্রাসন’ আখ্যায়িত করে নিন্দা জানিয়েছে।ইসরায়েল সরকারের মুখপাত্র মার্ক রেগেভ শুক্রবার বলেছেন, ফিলিস্তিনের মর্যাদা বৃদ্ধি প্রশ্নে জাতিসংঘের ওই ভোটাভুটি ছিল ‘একটি নেতিবাচক রাজনৈতিক নাটক’। এটি মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়াকে ব্যাহত করবে। নাম প্রকাশ না করার শর্তে অপর এক ইসরায়েলি কর্মকর্তা বলেন, পূর্ব জেরুজালেম ও মালেহ অ্যাডুমিম বসতি এলাকার (পশ্চিম তীরের অংশ) মধ্যে নতুন আরও বসতি স্থাপন করা হবে। পর্যবেক্ষকেরা বলেন, পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে ভূমি দখলের পর ইসরায়েল সেখানে শতাধিক অবৈধ বসতি স্থাপন করেছে। এসব বসতিতে বাস করছে প্রায় পাঁচ লাখ ইহুদি। বসতি স্থাপনের এই কাজ আন্তর্জাতিক আইনে অবৈধ বলে বিবেচিত হলেও ইসরায়েল তা স্বীকার করে না। শুক্রবার ইসরায়েলি ঘোষণার প্রতিক্রিয়ায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেন, ‘এই কার্যক্রম সমঝোতামূলক শান্তি প্রক্রিয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে।’ এর আগে হোয়াইট হাউস থেকে বলা হয়, এ ধরনের প্রস্তাব ‘স্বস্তিদায়ক নয়’।শাবান সেন্টার ফর মিডল ইস্ট পলিসির আয়োজনে ওয়াশিংটনে এক আলোচনা সভায় হিলারি এই মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, ‘(সশস্ত্র ইসলামি গোষ্ঠী হামাস-নিয়ন্ত্রিত) গাজা নিয়ে যে অচলাবস্থা চলছে, তার একটি দীর্ঘমেয়াদি সমাধানই ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে কার্যকর শান্তি বয়ে আনতে পারে।’আলোচনা সভার প্রশ্নোত্তর পর্বে হিলারি বলেন, তিনি চান ইসরায়েল নৈতিকভাবে গ্রহণযোগ্য অবস্থান গ্রহণ করুক। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিভাগের মুখপাত্র টমি ভিয়েতর বলেন, ‘অবৈধ বসতি স্থাপন, পূর্ব জেরুজালেমে নির্মাণকাজ এবং ওই ধরনের ঘোষণার বিরুদ্ধে আমরা আমাদের দীর্ঘদিনের অবস্থানের কথা পুনর্ব্যক্ত করছি। আমরা মনে করি, এমন পদক্ষেপে কোনো সুফল আসবে না এবং এটি সরাসরি শান্তি আলোচনা শুরু বা দুই রাষ্ট্র প্রতিষ্ঠার সমাধানের লক্ষ্য অর্জন কঠিন করে তুলবে।’গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ই-ওয়ান নামে পরিচিত ইসরায়েলি বসতি স্থাপনের পরিকল্পনার অধীন পশ্চিম তীরের অত্যন্ত স্পর্শকাতর স্থানেও বাড়িঘর নির্মাণ করবে ইসরায়েল।এদিকে ফিলিস্তিন মুক্তি সংস্থা পিএলও (প্যালেস্টাইনে লিবারেশন অর্গানাইজেশন) নতুন করে ইসরায়েলের বসতি স্থপনের ঘোষণাকে তাদের রাষ্ট্রের বিরুদ্ধে আগ্রাসন বলে আখ্যায়িত করেছে। পিএলও বলেছে, তারা ই-ওয়ান প্রকল্পের তীব্র নিন্দা জানাচ্ছে। এটি পশ্চিম তীরকে উত্তর ও দক্ষিণ—এই দুই ভাগে বিভক্ত করে ফেলবে। পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে দেখতে চায় বলেও জানিয়েছে তারা। এএফপি ও বিবিসি।