আরও আগে এসেছিল ডাইনোসর
পৃথিবীতে ডাইনোসরের আগমনের সময় সম্পর্কে বিজ্ঞানীদের যে ধারণা ছিল, সাম্প্রতিক এক গবেষণা তা নিয়ে প্রশ্ন তুলেছে। একদল বিজ্ঞানীর মতে, আগের ধারণার চেয়ে ৯০ লাখ বছর আগে ডাইনোসরের মতো এক প্রাণীর আগমন ঘটে পৃথিবীতে। পোল্যান্ডে আবিষ্কৃত ২৫ কোটি বছর আগের পাথরের টুকরোর ওপর প্রাণীর পায়ের ছাপ পরীক্ষা করে ওই বিজ্ঞানীরা এ সিদ্ধান্তে পৌঁছান। এ ধরনের গবেষণাবিষয়ক একটি নিবন্ধ সম্প্রতি রয়্যাল সোসাইটি সাময়িকীতে প্রকাশিত হয়। গবেষণায় দেখা গেছে, পৃথিবীতে ব্যাপকভাবে প্রাণী বিলুপ্ত হওয়ার ২০ লাখ বছর পর এই পায়ের ছাপ পড়ে। বিজ্ঞানীরা বলেন, পায়ের ছাপগুলো ছোট। লম্বায় মাত্র কয়েক সেন্টিমিটার। এ থেকে ধারণা করা হচ্ছে, প্রাচীন এই প্রাণীটি আকারে বিড়ালের মতো ছিল। ওজন ছিল এক থেকে দুই কেজি। প্রাণীটি চতুষ্পদী ও দুর্লভ প্রজাতির।গবেষক দলের প্রধান স্টিফেন ব্রুসেট বলেন, এখন বলা যায়, পৃথিবীতে আগ্নেয়গিরির বড় ধরনের অগ্ন্যুৎপাতের ঘটনায় প্রাণিজগতে যে বিশাল ধ্বংসযজ্ঞ ঘটে, এর পরপরই ডাইনোসরের মতো ওই প্রাণীর আগমন ঘটে। ওই ধ্বংসযজ্ঞে ৯০ শতাংশের বেশি প্রাণী নিশ্চিহ্ন হয়ে যায়।কিছুদিন আগেও বিজ্ঞানীদের ধারণা ছিল, ওই ধ্বংসযজ্ঞের দেড় থেকে দুই কোটি বছর পর পৃথিবী যখন বসবাসের উপযোগী হয়ে ওঠে, তখন ডাইনোসরের আগমন ঘটে। কিন্তু নতুন গবেষণায় দেখা গেছে, ওই ব্যাপক প্রাণী বিলুপ্তির ঘটনার সঙ্গে ডাইনোসরের আবির্ভাবের নিবিড় সম্পর্ক রয়েছে। স্টিফেন ব্রুসেট বলেন, ওই ধ্বংসযজ্ঞ ছাড়া ডাইনোসরের আগমন হয়তো কখনো ঘটত না। তিনি বলেন, সাড়ে ছয় কোটি বছর আগে ডাইনোসরের বিলুপ্তির মধ্য দিয়ে স্তন্যপায়ী প্রাণীর আগমনের পথ তৈরি হয়। বিবিসি।