রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে সাইপ্রাসে গত মঙ্গলবার আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ব্যক্তিও যুক্তরাষ্ট্রে অবস্থান করে গুপ্তচরবৃত্তির সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠছে। এদিকে যুক্তরাষ্ট্রে ১০ জনকে গ্রেপ্তার করার ঘটনাকে ‘অবাস্তব ও অপ্রয়োজনীয়’ বলে মন্তব্য করেছে রাশিয়ার গণমাধ্যম। তবে রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন বলেছেন, এ ঘটনায় রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। সাইপ্রাসে গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন ক্রিস্টোফার আর মেটোস। সাইপ্রাসের পুলিশ জানায়, লারনাকা বিমানবন্দর থেকে ক্রিস্টোফারকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বুদাপেস্ট ছাড়ার চেষ্টা করছিলেন। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) দাবি, এক দশকেরও বেশি সময় ধরে পর্যবেক্ষণের পর গত রোববার ওই ১০ জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ১১ ব্যক্তি জড়িত। তাঁরা রাশিয়ার ফরেইন ইনটেলিজেন্স সার্ভিসের (এসভিআর) সদস্য। গত সোমবার মার্কিন গোয়েন্দারা ১০ জনকে গ্রেপ্তারের কথা উল্লেখ করে জানান, এঁরা মার্কিন নীতিনির্ধারকদের ঘনিষ্ঠ হয়ে পররাষ্ট্রনীতি ও পারমাণবিক অস্ত্র সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করছিলেন। রাশিয়ার অন্যতম দৈনিক কোমেরসন্ত তার প্রতিবেদনে বলেছে, যুক্তরাষ্ট্রে রাশিয়ার পক্ষে গোয়েন্দাগিরির ঘটনা একেবারেই অবাস্তব ও অপ্রয়োজনীয়। তবে ক্রেমলিন ও হোয়াইট হাউসের মন্তব্যে মনে হচ্ছে, দুই পক্ষই চায় এ ঘটনা যাতে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে কোনো নেতিবাচক প্রভাব না ফেলে।রাশিয়ার অনেক পত্রিকার মতে, এই ঘটনা রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার উদ্যোগকে ব্যাহত করবে। জনপ্রিয় ট্যাবলয়েড টিভয়ই দেন লিখেছে ‘যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির নাটক সাজিয়ে প্রেসিডেন্ট ওবামাকে ছোট করেছেন।’ মোসকোভস্কির মতে, ‘এটা ধারণা করা যৌক্তিক যে রাশিয়ার গুপ্তচর গ্রেপ্তারের নাটকের মূল লক্ষ্য প্রেসিডেন্ট ওবামা। তাঁর অমঙ্গল চান এমন অনেক লোক যুক্তরাষ্ট্রে আছে।’ প্রতিবেদনটিতে আরও বলা হয়, এই ঘটনায় গোয়েন্দাগিরির চেয়ে রাজনৈতিক বিবেচনাই ছিল বেশি। নেজাভিসিমায়া গ্যাজেতার প্রতিবেদনে এ ঘটনাকে দুই দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে এফবিআইয়ের অযাচিত হস্তক্ষেপ বলে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, এ ঘটনা মস্কো ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে নতুন করে প্রশ্ন তুলেছে। এদিকে একটি বিনিয়োগ সম্মেলনে অংশ নিতে মস্কোয় অবস্থানরত সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের মধ্যে বেঠক হয়েছে। ভ্লাদিমির পুতিন বলেন, আমরা আশা করি, দুই দেশের সম্পর্ক উন্নয়নে কয়েক বছরে আমাদের যা কিছু অর্জন তা ঠিক থাকবে। হোয়াইট হাউসের মুখপাত্র রবার্ট গিবস বলেন, পুরো ঘটনা প্রেসিডেন্ট বারাক ওবামাকে জানানো হয়েছে। গিবস বলেন, আমি মনে করি এ ঘটনায় ওয়াশিংটন ও মস্কোর সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। এএফপি বিবিসি।