বিচার বিভাগকে কটাক্ষ করার অভিযোগে মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি আরও একটি মামলার মুখোমুখি হতে যাচ্ছেন। বিচার বিভাগের একটি সূত্র গতকাল রোববার এ কথা জানিয়েছে। এই উদ্যোগ ইঙ্গিত দেয় যে মুরসির সংগঠন মুসলিম ব্রাদারহুডের বিরুদ্ধে ধরপাকড়ের অভিযান শিথিল করার কোনো ইচ্ছে মিসরীয় কর্তৃপক্ষের নেই।
সূত্র জানায়, মুরসিসহ অপর ২৫ জনের বিরুদ্ধে বিচার বিভাগকে কটাক্ষ করার এই অভিযোগ আনা হয়েছে। সেনাবাহিনী কর্তৃক ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে এটি হবে মুরসির বিরুদ্ধে চতুর্থ মামলা।
ক্ষমতার মেয়াদের এক বছরের মাথায় তীব্র আন্দোলনের মুখে গত বছরের জুলাইয়ে সেনাবাহিনীর হাতে ক্ষমতাচ্যুত হন মোহাম্মদ মুরসি। তার পর থেকে মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে দলটির ওপর চাপ সৃষ্টি করছে মিসরের সরকার। অথচ এই ব্রাদারহুডই হচ্ছে মিসরের একসময়ের সবচেয়ে সুসংগঠিত রাজনৈতিক ও ধর্মীয় সংগঠন। রয়টার্স।