
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের দাবানল নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে দমকল বাহিনী। আশঙ্কা করা হচ্ছে, দাবানল আরও ছড়িয়ে পড়তে পারে।
গত বুধবার থেকে ছড়িয়ে পড়া দাবানলের মধ্যে ৫৮টি গতকাল সোমবার পর্যন্ত নিয়ন্ত্রণের বাইরে ছিল। ইতিমধ্যে ১৪টি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল বাহিনীর কর্মীরা। ইতিমধ্যে প্রায় ৩০০টি বাড়ি পুড়ে গেছে। মৃত্যু হয়েছে একজনের।
রোববার নিউ সাউথ ওয়েলস রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়। গতকাল রাজ্যের রাজধানী সিডনির আকাশে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ায় বাসিন্দাদের ঘরে অবস্থানের পরামর্শ দেয় কর্তৃপক্ষ। খোলা জায়গায় ব্যায়াম থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
সিডনির পশ্চিমের লাইটগো শহরের কাছে গতকাল দাবানল ভয়াবহ আকার ধারণ করে। সেখানে অন্তত ৯৯ হাজার একর বন পুড়ে গেছে। প্রবল বাতাসের কারণে দাবানল আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ৫০ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় এবারই সবচেয়ে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ব্লু মাউনটেইনস অঞ্চল। এএফপি।