আরও তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাজ্যজুড়ে শুরু হওয়া সহিংসতায় এ পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। গত শনিবার নিহত হয়েছেন সিপিএমের একজন নেতা ও একজন স্কুলশিক্ষক। রোববার নিহত হয়েছেন একজন সিপিএম নেতা এবং দুজন তৃণমূলের কর্মী। সহিংসতা যাতে আর ছড়িয়ে না পড়ে, সে জন্য বাঁকুড়ার কোতলপুর, জয়পুর, বিষ্ণুপুর এবং তালডাঙ্গা থানা এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। একইভাবে পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় এবং গড়বেতায়ও জারি করা হয়েছে ১৪৪ ধারা।রোববার বহরমপুরে মোটরসাইকেলযোগে মেয়েকে নিয়ে যাওয়ার পথে দুষ্কৃতকারীরা বোমা মেরে হামলা চালায় যুব তৃণমূল নেতা কামাল উদ্দিন সেখের ওপর। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। আহত হয় ১৫ বছরের মেয়ে লিপি। একই দিন বাঁকুড়ার তালডাঙ্গায় খুন হন সিপিএম নেতা অজিত লোহার। এর আগে রোববার সকালে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ে ভেড়ির দখল নিয়ে এক সংঘর্ষে খুন হন সিপিএম নেতা মোশারফ মোল্লার ভাই মোবারক মোল্লা। তৃণমূল দাবি করেছে, মৃত মোবারক তাদের দলীয় কর্মী।উত্তর চব্বিশ পরগনায় বেশকিছু সিপিএম-সমর্থকের বাড়িতে হামলা চালানো হয়েছে। নদীয়া জেলার নৈহাটির ধানকল এলাকায় এক সিপিএম নেতার বাড়িতে গভীর রাতে আগুন লাগিয়ে দেওয়া হয়। এতে অগ্নিদগ্ধ হন ওই নেতা, তাঁর স্ত্রী ও পুত্র। ঠাকুরপুরের বিভিন্ন গ্রামে বোমাবাজির ঘটনায় বহু সিপিএম-সমর্থক বাড়ি ছেড়ে পালিয়েছেন।এদিকে কলকাতার সিঁথিতে একটি ক্লাব ভাঙচুর করেছে তৃণমূল-সমর্থকেরা। এই ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন গতকাল দমদম রোড অবরোধ করে। কলকাতার পুলিশ হেডকোয়ার্টার লালবাজারে পুলিশ অ্যাসোসিয়েশনের বাম ও পরিবর্তনপন্থী পুলিশের কর্মীদের মধ্যে গতকাল হাতাহাতি হয়েছে।রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে গতকাল সিপিএমের এক প্রতিনিধিদল রাজ্যপাল এম কে নারায়ণের সঙ্গে দেখা করে রাজ্যে তৃণমূলের সন্ত্রাস বন্ধের দাবি জানিয়েছে।