মালয়েশিয়া এয়ারলাইনসের নিখোঁজ উড়োজাহাজের ধ্বংসাবশেষের খোঁজে অনুসন্ধানকারী অস্ট্রেলীয় দল সাগরতলে আরও দুটি সংকেত পেয়েছে। দলটির প্রধান অংগাস হিউস্টন গতকাল বুধবার বলেন, সঠিক এলাকায় অনুসন্ধান করা হচ্ছে বলে তিনি বিশ্বাস করেন।
উড়োজাহাজের ককপিটের তথ্য-উপাত্ত সংরক্ষণে ব্যবহূত ‘ব্ল্যাক বক্স’ থেকেই এসব শব্দতরঙ্গ ভেসে আসছে বলে ধারণা করা হয়। গত শনিবার রাতে এবং রোববার সকালে শব্দ পাওয়ার পর অনুসন্ধানকারীরা সেই শব্দের সূত্র হারিয়ে ফেলেন। এরপর গত মঙ্গলবার আবার দুই দফা শব্দ শোনা গেছে বলে জানান হিউস্টন। আন্তর্জাতিক অনুসন্ধান দলের মাসব্যাপী নিষ্ফল অনুসন্ধানের পর ভারত মহাসাগরের একটি নির্দিষ্ট এলাকা থেকে সম্প্রতি কয়েক দফা সংকেত পাওয়ার পর ওই নিখোঁজ রহস্য সমাধানে নতুন আশার সঞ্চার হয়। তবে মার্কিন নৌবাহিনী সতর্ক করে দিয়ে বলছে, এসব শব্দ এলেই ওই উড়োজাহাজের ধ্বংসাবশেষ থেকে আসছে কি না, নিশ্চিত হওয়া জরুরি।
অস্ট্রেলীয় প্রতিরক্ষা বাহিনীর সাবেক প্রধান হিউস্টন বলেন, উড়োজাহাজটি অথবা সেটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী এবং ব্যাপারটি ঘটতে নিশ্চয়ই খুব বেশি দেরি হবে না। সংকেতের সূত্র আবার হারিয়ে ফেলার আগেই প্রয়োজনীয় তল্লাশি চালাতে হবে। সেই হিসেবে অনুসন্ধানকারী দলকে এখন সময়ের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে।
যে ‘ব্ল্যাক বক্স’ থেকে এসব শব্দ ভেসে আসছে বলে ধারণা করা হচ্ছে, তাতে ব্যবহূত ব্যাটারির মেয়াদ সাধারণত এক মাসেই শেষ হয়ে যায়। উড়োজাহাজটি নিখোঁজ হওয়ার পর ইতিমধ্যে এক মাসের বেশি সময় পেরিয়ে গেছে। তাই সাগরতলের সম্ভাব্য উৎস থেকে নতুন কোনো সংকেত (শব্দ) না পাওয়ার আশঙ্কা ক্রমে বাড়ছে।
কুয়ালালামপুর থেকে ২৩৯ জন আরোহী নিয়ে গত ৮ মার্চ বেইজিং যাওয়ার পথে উড়োজাহাজটি সাগরে নিখোঁজ হয়। এএফপি ও রয়টার্স।