চরম প্রতিকূল আবহাওয়ার কারণে চলতি বছর কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছে। আগামী দিনগুলোয়ও খরা, দাবানল, বন্যা, ভূমিধস ও খাদ্যঘাটতির মতো দুর্যোগের আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। খবর ইনডিপেনডেন্টের।
এল নিনোর প্রভাব গত মে মাসে শুরু হয়েছে। অস্ট্রেলিয়ার একদল বিজ্ঞানী সতর্কবার্তা দিয়েছেন, এটির শক্তিশালী প্রতিক্রিয়া ভবিষ্যতেও দেখা যাবে। এল নিনো হচ্ছে প্রশান্ত মহাসাগরের উপরি ভাগের পানির তাপমাত্রার একটি পর্যায়ক্রমিক পরিবর্তন।
এল নিনোর এ রকম প্রতিক্রিয়া কয়েক বছর পরপর দেখা যায়। এ বছর তা প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এর প্রভাবে ভবিষ্যতে বিশ্বজুড়ে চরম প্রতিকূল আবহাওয়ার আশঙ্কা করছেন যুক্তরাজ্যের আবহাওয়াবিদেরা। অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও ভারতে খরার আশঙ্কা রয়েছে। আর দক্ষিণ আমেরিকা ও যুক্তরাষ্ট্রে বন্যা ও প্রবল বর্ষণ হতে পারে।
বিবিসির খবরে বলা হয়, প্রশান্ত মহাসাগরে তুলনামূলক বেশি শক্তিশালী ঝড় হতে পারে। আর যুক্তরাজ্যে ২০১২ সালের মতো বেশি ঠান্ডাও পড়তে পারে। বিশ্বজুড়ে এল নিনোর প্রভাবে ফসলের ক্ষতি হবে। ফলে ধান, কফি ও চিনির মতো খাবারের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আর জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বের বিভিন্ন স্থানে আরও মারাত্মক দাবদাহ, বন্যা ও ঘূর্ণিঝড় হতে পারে।
পাকিস্তানে গত সপ্তাহে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় ব্যাপক দাবদাহ, পানিশূন্যতা ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে অন্তত ১ হাজার ২০০ মানুষের মৃত্যু হয়েছে। ভারতও ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ মারাত্মক দাবদাহের প্রভাব কাটিয়ে উঠছে। এ দুর্যোগে চলতি মাসের শুরুতে সেখানে আড়াই হাজার মানুষ প্রাণ হারায়। ভারতের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী হর্ষবর্ধন ওই দুর্যোগের জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন।