মধ্যপ্রাচ্যে সক্রিয় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) পাঠানো ভিডিও পরীক্ষা করে এক সন্দেহভাজন ব্রিটিশ তরুণ ও এক অল্প বয়সী ছেলেকে শনাক্ত করার চেষ্টা করছে যুক্তরাজ্যের নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো। পাঁচজনকে হত্যার দৃশ্য-সংবলিত ওই ভিডিওতে ব্রিটিশ ধাঁচের উচ্চারণে ওই দুজন যুক্তরাজ্যে হামলার হুমকি দেয়। খবর বিবিসির।
ভিডিওতে যে পাঁচজনকে হত্যার দৃশ্য দেখানো হয়, তাঁদের বিরুদ্ধে যুক্তরাজ্যের পক্ষে গোয়েন্দাগিরির অভিযোগ আনা হয়। ১০ মিনিটের ওই ভিডিওতে দুজনের কণ্ঠস্বর শুনে বিশ্লেষণের চেষ্টা করছে গোয়েন্দারা। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে উদ্দেশ করে ওই ভিডিও পাঠানো হয়। হত্যার পর ছয় থেকে সাত বছর বয়সী ছেলেটিকে দূরে দাঁড়িয়ে ‘অবিশ্বাসীদের’ হত্যা করা হয়েছে, এমনটা বলতে শোনা যায়। ছেলেটি সামরিক পোশাক পরে ছিল।
ভিডিওতে ব্রিটিশ উচ্চারণে আরেক মুখোশধারী ব্যক্তিকে অস্ত্র হাতে ক্যামেরনের উদ্দেশে কথা বলতে শোনা যায়। তিনি বলেন, ‘আমরা আমাদের জিহাদ চালিয়ে যাব। সীমান্ত ভেঙে ফেলব। আপনার দেশ দখল করে সেখানে শরিয়াহ আইন চালু করব।’
পাঁচজনকে মরুভূমির একটি এলাকায় নিয়ে হত্যা করা হয়। এঁদের পরনে ছিল কমলা রঙের পোশাক। তাঁদের মাথার পেছনে গুলি করা হয়। গুলির আগে একজন নিজেকে সিরিয়ার রাকার অধিবাসী বলে জানান। আরেকজন লিবিয়ার বেনগাজির বাসিন্দা বলে স্বীকার করেন। এঁদের কেউই নিজেদের ব্রিটিশ নাগরিক বলে উল্লেখ করেননি।
যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেন, ‘আমরা ভিডিওটি সম্পর্কে জানি। এটি এখন পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।’
এর আগে দুই মার্কিন সাংবাদিক এবং দুই ব্রিটিশ উন্নয়নকর্মীর শিরশ্ছেদ করে সেই ভিডিও পাঠায় আইএস।