আরও পারমাণবিক পরীক্ষা চালাবে উ. কোরিয়া
উত্তর কোরিয়া আরও পারমাণবিক পরীক্ষা চালাবে বলে তাদের প্রধান মিত্র চীনকে জানিয়েছে। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, কূটনৈতিক আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টি করতে এ বছর তারা আরও দু-একটি পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে। এদিকে, উত্তর কোরিয়াকে এ ধরনের ‘উসকানিমূলক কাজ’ থেকে বিরত থাকতে হুঁশিয়ার করেছে যুক্তরাষ্ট্র। গত মঙ্গলবার তৃতীয়বারের মতো পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এ ঘটনার পর বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে।উত্তর কোরিয়া সরকারের গোপন একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, ‘সবকিছু প্রস্তুত। শিগগিরই চতুর্থ ও পঞ্চম দফা পারমাণবিক পরীক্ষা চালানো ও রকেট ছোড়া হবে।’ সূত্রটি জানায়, চতুর্থ দফার পরীক্ষাটি তৃতীয় দফার চেয়ে আরও বেশি শক্তিশালী হবে।সূত্রটি জানায়, যুক্তরাষ্ট্র যদি পিয়ংইয়ংয়ের সঙ্গে শান্তিচুক্তি করার বিষয়ে আলোচনায় বসতে সম্মত না হয় এবং তাদের নীতি থেকে সরে না আসে, তবে তারা এ পরীক্ষা চালাবে।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড উত্তর কোরিয়াকে ‘উসকানিমূলক কাজ’ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। রয়টার্স।