আরও ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিচ্ছে ইসরায়েল
গিলাদ শালিতের মুক্তির বিনিময়ে আরও ৫৫০ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিচ্ছে ইসরায়েল। গত বুধবার রাতে ইসরায়েল প্রিজন্স সার্ভিসের ওয়েবসাইটে ওই বন্দীদের তালিকা প্রকাশ করেছে দেশটি।১৮ ডিসেম্বর সন্ধ্যায় ওই বন্দীরা মুক্তি পেতে পারেন বলে ফিলিস্তিনি সূত্র জানিয়েছে।গাজায় হামাসের নিয়ন্ত্রণে পাঁচ বছরের বেশি সময় ধরে বন্দী ইসরায়েলি সেনা গিলাদ শালিতের মুক্তির বিনিময়ে এক হাজার ২৭ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার শর্তে গত অক্টোবরে হামাস ও ইসরায়েল কর্তৃপক্ষের মধ্যে চুক্তি হয়।চুক্তি অনুযায়ী, গত ১৮ অক্টোবর শালিতের মুক্তির সময় ৪৭৭ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয় ইসরায়েল। এর মধ্যে ইসলামি হামাস আন্দোলনের পছন্দের শতাধিক ব্যক্তি ছিলেন। বাকি ৫৫০ জনকে দুই মাস পর মুক্তি দিতে যাচ্ছে ইসরায়েল। এর মধ্যে ৫৪৪ জন পুরুষ ও ছয়জন নারী বন্দীর নাম চূড়ান্ত করেছে ইসরায়েল। এই ৫৫০ জনের মধ্যে হামাস বা ইসলামিক জিহাদের কোনো সদস্য নেই বলে সূত্র জানিয়েছে।নাম প্রকাশ না করার শর্তে ইসরায়েলের এক কর্মকর্তা এএফপিকে বলেন, নতুন তালিকার কোনো ব্যক্তি রক্তাক্ত হামলার সঙ্গে জড়িত ছিলেন না। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ আন্দোলনের সদস্যদের নাম অগ্রাধিকার ভিত্তিতে এ তালিকায় রাখা হয়েছে।