আরও বড় লড়াই শুরু হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্ভয়ার মা ও বাবা
নির্ভয়ার মা ও বাবা

এখন ওঁরা সবাই একটু জিরোতে চান, একটু শান্তি ও নিশ্চিন্তের ঘুম। বদ্রি সিং, আশা দেবী, গৌরব ও মনুর এখন এর বেশি আর চাহিদা নেই।এই চারজন তাঁদের নামের বাইরে বেরিয়ে এখন বেশ পরিচিত। কারণ, তাঁরা ‘নির্ভয়া’র বাবা, মা ও ভাই।২৩ বছরের নির্ভয়ার ধর্ষণ-হত্যার ঘটনা তাঁদের সম্মিলিত জীবন শুধু বদলেই দেয়নি, নীরব এক শপথেও শরিক করে তুলেছে। না হলে গত শুক্রবার আদালতের ঐতিহাসিক রায়ের তিন ঘণ্টা পর দিল্লির দক্ষিণ-পশ্চিমে দ্বারকায় সরকারের দেওয়া তিন কামরার ফ্ল্যাটের এক চিলতে বারান্দায় বসে ক্লান্ত অথচ তৃপ্ত বদ্রি সিং বলতে পারতেন না, ‘এখন থেকে আমাদের আরও বড় লড়াই শুরু হবে। শয়ে শয়ে হাজার হাজার নির্ভয়ার হয়ে লড়তে হবে আমাদের। তার আগে একটানা নয় মাসের ধকল কাটাতে একটু নিশ্চিন্তে ঘুমাতে চাই।’গত বছরের ১৬ ডিসেম্বর নয়াদিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণের শিকার হন মেডিকেল কলেজের ছাত্রী নির্ভয়া (ছদ্মনাম)। তাঁর সঙ্গে থাকা ছেলেবন্ধুটিও মারধরের শিকার হন। দুজনকেই চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয়। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন নির্ভয়ার মৃত্যু হয়। এ ঘটনায় চারজনের মৃত্যুদণ্ড দেন আদালত।নির্ভয়ার জীবনের এ আকস্মিক পরিণতি প্রাথমিকভাবে পরিবারটিকে বিহ্বল ও স্থবির করে দিয়েছিল। কিন্তু সর্বস্তরের মানুষের সমবেত ক্রোধ, ধিক্কার ও প্রতিবাদে সরকার যখন বিপন্ন বোধ করতে শুরু করে, সমাজ যখন ফুঁসে ওঠে, বদ্রি সিংয়ের পরিবার তখন নতুনভাবে বাঁচার রসদ খুঁজে পায়। সিঙ্গাপুরের হাসপাতালে মেয়ের মৃত্যুর পরপরই শুরু হয় আইনি লড়াই। লড়াইটা তত দিনে পরিবারের গণ্ডি পেরিয়ে সর্বজনীন হয়ে গেছে। পিতৃদত্ত নাম বিস্মৃত হয়ে ‘নির্ভয়া’ হয়ে দাঁড়িয়েছে আপামর নির্যাতিত নারীর প্রতীক। বেসরকারি বিমান সংস্থার সাধারণ এক কর্মী বদ্রি সিং তত দিনে বুঝে গেছেন, তিনি বা তাঁর পরিবার ছাড়িয়ে অবিরাম প্রতিধ্বনিত হচ্ছে নির্যাতন বন্ধের ও ন্যায়বিচারের দাবি। তাই তিনি বললেন, ‘এ জয় আইনের জয়, শুভবুদ্ধিসম্পন্ন মানুষের জয় এবং গণমাধ্যমের জয়। এ জয় আমাদের মেয়ের অশান্ত আত্মাকে শান্ত করবে।’

দ্বারকার ১৯ নম্বর সেক্টরের অক্ষরধাম অ্যাপার্টমেন্টে নির্ভয়ার পরিবার উঠেছে মাস কয়েক হলো। তার আগে থেকেই তাদের ওপর পুলিশের কড়া নজর। সেই নজরে শুক্রবারও ঢিলেমি নেই। দেশ-বিদেশের সাংবাদিকদের একই কথা বারবার বলতে বলতে ক্লান্ত চার সদস্য হাঁফ ছাড়ার সময় পাচ্ছেন না। টিভি ক্যামেরার লেন্সে বন্দী হচ্ছে প্রতিটি মুহূর্ত।

প্রায় আসবাবহীন এ ফ্ল্যাটের ভেতরের একটি ঘরে আটপৌরে শাড়ির আঁচল দিয়ে অবিরাম চোখ মুছে চলেছেন আশা দেবী। ঘরের দেয়ালে মৃত মেয়ের রঙিন একটা ছবির দিকে তাকিয়ে তাঁর খেদোক্তি, ‘তিন সন্তানের মধ্যে মেয়েটাই ছিল বড়। মেয়েটাই আমাদের আর একটু ভালো থাকার আর একটু সচ্ছল থাকার স্বপ্ন দেখিয়েছিল। গ্রামের জমি বেচে ওর বাবা ওকে বড় মানুষ করে তুলতে চেয়েছিল। প্যারামেডিকসের ছাত্রী হিসেবে আর কদিন পরেই ফিজিওথেরাপিস্ট হয়ে যেত। কী থেকে কী হয়ে গেল...।’

গৌরব ও মনুর পড়াশোনা শেষ হতে এখনো ঢের বাকি। কিন্তু এই একটি ঘটনা তাদের প্রত্যয়কে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। যেমন দিয়েছে বদ্রি সিংয়েরও। ছেলেদের সামনে তিনি বললেন, ‘সারা দেশের আনাচে-কানাচে প্রতিদিন নির্ভয়াদের নির্যাতিত হতে হচ্ছে। হাজার হাজার নির্ভয়ার পাশে এবার আমাদের দাঁড়াতে হবে। তাদের নিয়ে লড়াই করতে হবে। আপনাদের মারফত আমরা একটা আবেদনই রাখতে চাই, লোকলজ্জা, ভয় ও সংশয় দূরে সরিয়ে ধর্ষণসহ যাবতীয় নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সবাই সাহসী হোন। থানায় রিপোর্ট করুন। ব্যবস্থা নিতে পুলিশকে বাধ্য করুন। সরকারের ওপর চাপ সৃষ্টি করুন, যাতে এমন ধরনের সব ঘটনার নিষ্পত্তি ফাস্ট ট্র্যাক কোর্টে (দ্রুত বিচার আদালত) হয়। গত বছরের ১৬ ডিসেম্বরের ঘটনার পর জনমতের চাপেই সরকার আইন বদলাতে বাধ্য হয়েছে। জনতার চাপেই সরকার সুবিচার দিতে বাধ্য হবে।’

বদ্রি সিংয়ের ভাবনায় এ মুহূর্তে অনেক কিছুই। ব্যক্তিগত লড়াইকে বহুজনের লড়াইয়ে রূপান্তর করতে বেসরকারি সংগঠন (এনজিও) খোলার ভাবনা সেগুলোরই একটি। সংগঠনটি দেশের নির্যাতিত নির্ভয়াদের ন্যায়বিচার পেতে যাবতীয় সাহায্যের হাত বাড়াবে। ভাবনা বাস্তবে রূপ নিলে গড়ে উঠতেই পারে ‘নির্ভয়া জ্যোতি ফাউন্ডেশন’।

বদ্রি সিংয়ের পরিবারের সবার চকচকে চোখে নতুন লড়াইয়ের অঙ্গীকার।