আরও বাচ্চাকাচ্চা চাই
‘এখানে এখন আর বেশি সন্তানওয়ালা কোনো পরিবার নেই। সবারই একটা, খুব বেশি হলে দুই সন্তান।’
বেশ আফসোস নিয়ে কথাগুলো বলছিলেন তুরস্কের পশ্চিমাঞ্চলের ছোট্ট শহর উরলার বাসিন্দা হাসিবি এনক। পেশায় তিনি একজন শিক্ষক, শিশুদের একটা বিদ্যালয় চালান।
এই আফসোস শুধু হাসিবির নয়, তুরস্কের সরকারেরও। ভবিষ্যতের জনসংখ্যা নিয়ে তারা বেশ শঙ্কিত। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গর্ভপাতের বিপক্ষে অবস্থান নিয়েছেন। একেকজন নারীকে কমপক্ষে তিনটি করে সন্তান নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আহ্বান জানিয়েই ক্ষান্ত হয়নি দেশটির সরকার। প্রতিটি সন্তানের জন্মের জন্য বাবা-মাকে আর্থিক সহায়তা এবং সরকারি চাকুরেদের দীর্ঘমেয়াদি ছুটি দেওয়া হচ্ছে।
তুরস্কের মতো সিঙ্গাপুরেও দম্পতিদের সন্তান নেওয়ার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়। এখানে প্রথম সন্তানের জন্য দম্পতিরা পান ছয় হাজার সিঙ্গাপুরী ডলার। দ্বিতীয় সন্তানের জন্য পান আর ছয় হাজার সিঙ্গাপুরী ডলার। তৃতীয় সন্তান নিলে দম্পতিদের দেওয়া হয় আট হাজার সিঙ্গাপুর ডলার। বাচ্চাকাচ্চা বেশি থাকলে সরকারি আবাসন পাওয়ার ক্ষেত্রে বাড়তি সুবিধা পাওয়া যায়।
দক্ষিণ কোরিয়ায় রাষ্ট্রীয়ভাবে বারবার জুটিদের জানিয়ে দেওয়া হয়, বিয়েতে তেমন খয়খরচা নেই। বিয়ের পর জাঁকালো কোনো অনুষ্ঠান করার দরকার নেই। রাশিয়ায় সন্তান নেওয়ার বিষয়ে দম্পতিদের উৎসাহিত করতে রাষ্ট্রীয়ভাবে ‘প্রজনন দিবস’ পালন করা হয়। এই দিবস পালনের নয় মাস পর যেসব নারী সন্তান জন্ম দেন তাদের নিয়ে র্যাফেল ড্রয়ের আয়োজন করা হয়। আর যে মা এতে জয়ী হন, তিনি পুরস্কার হিসেবে পান একটি গাড়ি।
ইসরায়েল ছাড়া অন্য ধনী দেশগুলোতে প্রজনন হার ২ দশমিক ১-এর নিচে। অথচ জনসংখ্যার স্থিতিশীলতা বজায় রাখতে প্রজনন হার এই মাত্রার হওয়া উচিত। জাপানে প্রজনন হার ১ দশমিক ৪। চীন ও রাশিয়াসহ অন্য দেশগুলোতেও এই হার নির্ধারিত মাত্রার চেয়ে বেশ কম।
কয়েক দশক আগেও অধিক জনসংখ্যা কিছু দেশের জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। জনসংখ্যার হার কীভাবে কমানো যায়, সে চেষ্টা ছিল চোখে পড়ার মতো। ইরান ও তুরস্কের কথাই বলা যায়। এসব দেশ জনসংখ্যার হার নিয়ন্ত্রণে রাখতে বিনা মূল্যে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী বিতরণ করেছে। এখন যখন জনসংখ্যার হার কমে গেছে, তখন ভবিষ্যৎ জনসংখ্যা নিয়ে নানা শঙ্কায় ভুগছে দেশ দুটি।
এখন মানুষ কেন বেশি সন্তান নিতে আগ্রহী হচ্ছে না?
এর উত্তর খুঁজতে গিয়ে দ্য ইকোনমিস্ট এক প্রতিবেদনে বলেছে, খরচ একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইউরোপের কোনো দেশে একটি সন্তানের জন্য যে ব্যয় হয়, তা বাড়ির মোট খরচের ২০-৩০ শতাংশ। সন্তানের পেছনে খরচ বেড়ে যাওয়ায় অনেক দেশের সরকার এখন সরাসরি বাবা-মাকে আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে। স্ক্যান্ডিনেভীয় দেশগুলো অভিভাবককে সরাসরি আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি পড়াশোনাসহ শিশুর অন্যান্য খরচ রাষ্ট্রীয়ভাবে বহন করে।
ধনী দেশগুলোর অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক সংস্থা ওইসিডির জন্ম-সংক্রান্ত নীতি নিয়ে কাজ করা অলিভার ভেনন বলেন, সন্তান নেওয়া দম্পতিদের জন্য দীর্ঘ মেয়াদে ছুটির ব্যবস্থা করা একটি ভালো বিষয়। তবে এটি আসলে সন্তান নেওয়ার বিষয়ে বাবা-মাকে খুব একটা উৎসাহী করে না। এর চেয়ে নগদ অর্থ কিংবা উপহার দম্পতিদের সন্তান নেওয়ার ব্যাপারে অনেক বেশি আকৃষ্ট করে। তাঁর গবেষণায় ওঠে এসেছে, শিশুর জন্মের জন্য আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি তার লালন-পালনে আর্থিক বরাদ্দ ও প্রাতিষ্ঠানিক নানা ব্যবস্থা খুবই কার্যকর বিষয়। শিশুর লালন-পালনের বিষয়টি নিশ্চিত করা গেলে মায়ের পক্ষে চাকরি ও মাতৃত্ব—দুটোই একসঙ্গে চালিয়ে যাওয়া সহজ হয়। এই দুটো সমন্বয় করতে গিয়ে ঝামেলা হতে পারে বিবেচনায় অনেক নারী অধিক সন্তান নেওয়ার ব্যাপারে আগ্রহী হন না। জনসংখ্যার হার বাড়াতে চাইলে শিশু প্রতিপালনের প্রতি বেশি জোর দেওয়াটা জরুরি। যে দেশ যত ভালোভাবে বিষয়টি করতে পারবে, সে দেশ জনসংখ্যার হার দ্রুত বাড়িয়ে নিতে পারবে বলে তাঁর মত।
উত্তর-পশ্চিম ইউরোপের জন্য বিষয়টি কার্যকর হলেও অন্য দেশের জন্য এটি এতটা কার্যকর হয়তো না-ও হতে পারে। তুরস্কে সন্তান নেওয়ার বিষয়টি অর্থের চেয়ে বেশি সাংস্কৃতিক সমস্যা। কারণ দেশটিতে স্বামীরা ঘরের কাজে সহায়তা করেন না। আবার শ্বশুর-শাশুড়ি বৃদ্ধ থাকায় তাঁরাও তেমন ভূমিকা পালন করতে পারেন না। কর্মক্ষেত্রেও চাকরিজীবী নারীরা সহানুভূতিশীল পরিবেশ পান না। সব মিলিয়ে নারীরা চাকরি ও মাতৃত্ব উপভোগ করতে পারেন না।
ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের নিগার গোকসেল বলেন, এই দ্বন্দ্বে পড়ে নারীরা চাকরি ছেড়ে ঘর-সংসারে মন দেন। আবার জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো পূর্ব এশিয়ার দেশগুলোতে কর্মঘণ্টা এত বেশি যে একজন নারীর পক্ষে চাকরি ও মাতৃত্ব একসঙ্গে চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব। এ ক্ষেত্রে জনসংখ্যার হার বাড়াতে হলে নারীদের জন্য ‘স্ত্রী-মা’ হিসেবে সারাজীবনের আর্থিক প্যাকেজ ঘোষণা করা এখন সময়ের দাবি।
বাচ্চাকাচ্চা নেওয়ার ব্যাপারে একেক দেশের দম্পতিদের একেক রকম সমস্যায় পড়তে হয়। সরকারগুলোকেই সমস্যা বুঝে ব্যবস্থা নিতে হবে। কোথাও হয়তো আর্থিক সহায়তা দিয়ে, আবার কোথাও হয়তো শিশু প্রতিপালনের ভালো ব্যবস্থা করে, আবার কোথাও হয়তো দুটোর সমন্বয় ঘটিয়ে সমস্যার সমাধান করতে হবে।