আরও বেশি স্বায়ত্তশাসন চায় তিব্বতিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা বলেছেন, তিব্বতিরা চীনের কাছ থেকে পুরোপুরি স্বাধীনতা নয়, ‘আরও বেশি স্বায়ত্তশাসন’ চায়। এই চাওয়া তাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য।কানাডার রাজধানী অটোয়ায় এক সংবাদ সম্মেলনে দালাই লামা এ কথা বলেন। গত শনিবার এই সংবাদ সম্মেলনের আগে সাত হাজার জনতার উদ্দেশে বক্তৃতা করেন তিনি।তিব্বতের নির্বাসিত নেতা দালাই লামা বলেন, ‘তিব্বতিদের চাওয়া আরও বেশি স্বায়ত্তশাসন। নিজেদের সংস্কৃতি বাঁচানোর জন্য তিব্বতের জনগণকে এটা দিতে হবে।’ বক্তব্যে কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হার্পারের প্রশংসা করেন তিনি। চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর মাধ্যমে তিব্বতের জনগণের মানবাধিকারে ভারসাম্য আনায় তিনি হার্পারের প্রশংসা করেন। দালাই লামা বলেন, ‘আমি মনে করি তিনি খুব ভালোভাবে বিষয়টি করতে পেরেছেন। চীনের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখেছেন, একই সঙ্গে নিজের গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষেও সুদৃঢ় অবস্থান নিয়েছেন। এটা খুব ভালো। তিনি আমার সঙ্গে দেখা করার সাহস দেখিয়েছেন, আমি এটারও প্রশংসা করি।’কানাডা ২০০৬ সালে দালাই লামাকে সম্মানসূচক নাগরিকত্ব দেয়। পিটিআই অনলাইন।