এক বছরের কিছু বেশি সময় আগে পানামা পেপারস কেলেঙ্কারির খবর ফাঁস হওয়ার পর বিশ্বজুড়ে যে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছিল, তার রেশ এখনো মিলিয়ে যায়নি। ইতিমধ্যে বিশ্বের অন্তত তিনজন গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ এ কেলেঙ্কারির জেরে পদত্যাগ করেছেন। সর্বশেষ গতকাল শুক্রবার পদত্যাগ করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
গতকালই পাকিস্তানের সুপ্রিম কোর্ট নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করেন। গদি ছাড়তে আর বিলম্ব করেননি তিনি।
এর আগে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাসহ ক্ষমতাধর ব্যক্তিদের অর্থ পাচার ও কর ফাঁকির এ কেলেঙ্কারির ঘটনা ফাঁস হওয়ার পর গত বছরের ৫ এপ্রিল বিক্ষোভের মুখে পদত্যাগ করেছিলেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী সিগমন্ডুর ডেভিড গুনলাগসন।
গুনলাগসনের পদত্যাগের আগের দিন গত বছরের ৪ এপ্রিল সকাল থেকেই আইসল্যান্ডের রাজধানী রেকজেভিকের পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ করেন কয়েক হাজার মানুষ। তাঁরা তাঁর পদত্যাগ দাবি করেন। পানামা পেপারস কেলেঙ্কারির ফাঁস হওয়া নথি অনুযায়ী, সাবেক এই প্রধানমন্ত্রী ও তাঁর স্ত্রী ২০০৭ সালে উইনট্রাস নামের একটি কোম্পানি কেনেন। ২০০৯ সালে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হওয়ার সময় গুনলাগসন প্রতিষ্ঠানটি থেকে পাওয়া লভ্যাংশের কথা গোপন করেছিলেন।
গুনলাগসনের পদত্যাগের দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে পানামা পেপারস কেলেঙ্কারিতে জড়িয়ে স্পেনের তৎকালীন ভারপ্রাপ্ত শিল্পমন্ত্রী হোসে ম্যানুয়েল সোরিয়া পদত্যাগের ঘোষণা দেন। তবে তিনি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন। গত বছরের জুনে স্পেনের দ্বিতীয় সাধারণ নির্বাচনের প্রাক্কালে তাঁর এই পদত্যাগের ঘটনা ঘটেছিল।
বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, ব্যবসায়ী, রাজনীতিক এবং চলচ্চিত্র ও ক্রীড়াজগতের তারকাদের অর্থ পাচার ও কার ফাঁকির এই খবর প্রথম প্রকাশ হয় গত বছরের ৩ এপ্রিল। এরপর অর্থ পাচারের তালিকায় নাম থাকা ধনাঢ্য ৮০০ ব্যক্তির বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয় অস্ট্রেলিয়া সরকার। তদন্ত শুরু করে ফ্রান্স, নেদারল্যান্ডস ও পানামা। এ ঘটনায় একটি স্বতন্ত্র তদন্ত কমিটির ঘোষণা দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। যে ৫০০ ভারতীয়র নাম তালিকায় উঠে আসে, তাঁদের বিষয়ে তদন্তের নির্দেশ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
৩ এপ্রিল, ২০১৬ মোসাক ফনসেকা নামে পানামার একটি আইনি পরামর্শক প্রতিষ্ঠানের ১ কোটি ১৫ লাখ গোপন নথি ফাঁস হয়। নথিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের নিকটাত্মীয়দের নাম আসে। আরও আসে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ বিন আবদুল রহমান আল সৌদ, মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের এক ছেলে এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দুই ছেলে ও মেয়ের নাম।
রাজনৈতিক ক্ষমতাধর ব্যক্তিদের পাশাপাশি ফুটবল তারকা লিওনেল মেসি এবং ভারতের চলচ্চিত্রজগতের খ্যাতিমান অভিনেতা অমিতাভ বচ্চন, তাঁর পুত্রবধূ ও অভিনেত্রী ঐশ্বরিয়ার নামও অর্থ পাচারকারীদের তালিকায় স্থান পেয়েছে।
মোসাক ফনসেকার ওই ১ কোটি ১৫ লাখ নথি অজানা সূত্র থেকে জার্মান দৈনিক জিটডয়েচ সাইতং-এর হাতে আসে। পত্রিকাটি সেসব নথি ওয়াশিংটনভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টসকে (আইসিআইজে) দেয়। ১৯৭৭ থেকে ২০১৫—প্রায় ৪০ বছরের এসব নথি পরীক্ষা-নিরীক্ষা করে সেসবের কিছু অংশ আইসিআইজে প্রকাশ করে। এ তদন্তে আইসিআইজের অন্যতম অংশীদার দ্য গার্ডিয়ান পত্রিকা বলেছে, অর্থ পাচার ও কর ফাঁকিতে জড়িত আছেন বিশ্বের ১২ জন জাতীয় নেতা, ১৪৩ জন রাজনীতিবিদ, তাঁদের পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ সহযোগীরা।
মোসাক ফনসেকার মাধ্যমে কর ফাঁকি দেওয়া অর্থ কর রেয়াতকারী অঞ্চলে তথাকথিত সব প্রতিষ্ঠান (অফশোর কোম্পানি) তৈরির মাধ্যমে গচ্ছিত রেখেছিলেন পাচারকারীরা। এসব অঞ্চলের মধ্যে প্রায় সব কটিই যুক্তরাজ্যের রানিশাসিত নানা অঞ্চল (ব্রিটিশ টেরিটোরিজ)। এই অঞ্চলগুলো ‘করের স্বর্গ’ বা ‘ট্যাক্স হেভেন’ নামে পরিচিত। পানামা পেপারস কেলেঙ্কারি নিয়ে তাই বিরোধীদের তোপের মুখে পড়েছিলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
পানামা পেপারস কেলেঙ্কারি
টাইমলাইন
নওয়াজ শরিফ
জিও টিভি
৪ এপ্রিল, ২০১৬
আন্তর্জাতিক অনুসন্ধানী সাংবাদিক সংস্থা (আইসিআইজে) বিদেশে অর্থ পাচারসংক্রান্ত ১ কোটির বেশি নথি প্রকাশ করে। এতে দেখে যায়, অর্থ পাচারে নওয়াজ শরিফের পরিবারের সদস্যরা সম্পৃক্ত রয়েছেন।
৫ এপ্রিল, ২০১৬
অভিযোগ অস্বীকার করেন নওয়াজ শরিফ। তদন্তের জন্য বিচারিক কমিটি গঠন করেন।
৩০ সেপ্টেম্বর, ২০১৬
নওয়াজের বিরুদ্ধে তদন্তের দাবিতে বিক্ষোভ করে বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।
২০ অক্টোবর, ২০১৬
পিটিআই, জামায়াতে ইসলাম পাকিস্তান এবং জমহুরি ওয়াতান পার্টির পিটিশন গ্রহণ করেন সুপ্রিম কোর্ট
১ নভেম্বর, ২০১৬
নওয়াজ শরিফের বিরুদ্ধে অভিযোগ নিয়ে কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত নেন সুপ্রিম কোর্ট
১৪ নভেম্বর, ২০১৬
প্রধানমন্ত্রীর পরিবারের অর্থ পাচার-সংক্রান্ত নথি আদালতে জমা দেয় পিটিআই
৬ জানুয়ারি, ২০১৭
নওয়াজের মেয়ে মরিয়ম নওয়াজ সম্পদের বিবরণী জমা দেন সুপ্রিম কোর্টে
২০ এপ্রিল, ২০১৭
কর ফাঁকি ও অর্থ পাচার-সংক্রান্ত বহুল আলোচিত পানামা পেপারস কেলেঙ্কারিতে নওয়াজ ও তাঁর পরিবারের সদস্যদের সম্পৃক্ততার বিষয়ে আরও তদন্তের নির্দেশ দেন সুপ্রিম কোর্ট
৫ মে, ২০১৭
নওয়াজ ও তাঁর পরিবারের সদস্যদের অর্থ পাচার নিয়ে তদন্তের জন্য যৌথ তদন্ত দল (জেআইটি) গঠন করেন আদালত
২৪ মে, ২০১৭
নওয়াজ ও তাঁর দুই ছেলের কাছে তদন্ত-সংশ্লিষ্ট তথ্য জানতে চেয়ে চিঠি দেয় যৌথ তদন্ত দল
১৩ জুন, ২০১৭
সরকারের বিরুদ্ধে তদন্তে বাধা দেওয়ার অভিযোগ এনে আদালতে প্রতিবেদন জমা দেয় তদন্ত দল
১৫ জুন, ২০১৭
তদন্ত দলের সামনে হাজির হয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন নওয়াজ
১৭ জুন, ২০১৭
নওয়াজের ভাই শাহবাজ শরিফ তদন্ত দলের সামনে হাজির হন
৫ জুলাই, ২০১৭
মরিয়ম নওয়াজ হাজির হন তদন্তকারীদের সামনে
২৮ জুলাই, ২০১৭
সর্বোচ্চ আদালত নওয়াজকে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করেন। এরপর সুপ্রিম কোর্টের নির্দেশে পদত্যাগ করেন তিনি