ইরাকে জঙ্গিদের সঙ্গে সরকারি বাহিনীর লড়াইয়ে দুই পক্ষই পাল্টাপাল্টি অগ্রগতির দাবি করছে৷ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, জঙ্গিদের দখলে নেওয়া অনেক এলাকা তারা আবার নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে৷ তবে জঙ্গিদের দাবি, নতুন করে আরও অনেক এলাকা তারা দখলে নিতে সক্ষম হয়েছে৷ খবর বিবিিস ও এএফপির৷
এদিকে ইরাক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন দুই দেশ যুক্তরাষ্ট্র ও ইরান নিজেদের মতো করে তৎপরতা বাড়িয়েছে৷ যুক্তরাষ্ট্র বলছে, বিষয়টি নিয়ে প্রয়োজনে তারা ইরানের সঙ্গে সরাসরি আলোচনা করবে৷ এ ক্ষেত্রে ইরানও যুক্তরাষ্ট্রকে সহায়তার ইঙ্গিত দিয়েছে৷
ইরাকের নিরাপত্তা বাহিনী গতকাল সোমবার দাবি করে, নাইনেভিহ প্রদেশের তাল–আফার শহর থেকে জঙ্গিদের তাড়িয়ে দিয়েছে৷ কিন্তু ওই এলাকার সরকারি কর্মকর্তা ও বাসিন্দারা জানান, জঙ্গিরা সেখানে রয়ে গেছে৷ এক কর্মকর্তা বলেন, শহরটি জঙ্গিদের নিয়ন্ত্রণেই আছে৷
নাম প্রকাশ না করার শর্তে প্রাদেশিক সরকারের এক কর্মকর্তা বার্তা সংস্থাকে বলেন, ‘তাল–আফারের নিয়ন্ত্রণ জঙ্গিদের হাতেই আছে৷ নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের লড়াই চলছে৷’
আবার মোহাম্মাদ খলিল নামের এক বাসিন্দা জানান, অনেক এলাকার নিয়ন্ত্রণ জঙ্গিদের হাতে চলে গেলেও তারা পুরো শহরের নিয়ন্ত্রণ নিতে পারেনি৷ শহরের লোকজন বাড়িঘর ফেলে পালাচ্ছে৷
তাল–আফার শহরের সরকারি কর্মকর্তা আবদুল আব্বাস জানান, শহরের মোট বাসিন্দার প্রায় অর্ধেক, দুই লাখ মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়েছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সহযোগিতা চাওয়া হয়েছে৷
তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সাদ মান দাবি করেন, তাল–আফার শহরে জঙ্গিরা ঢুকতে পারেনি৷ তারা এক মিটার জায়গারও দখল নিতে পারেনি৷
এদিকে সরকারি বাহিনীর সদস্যদের গণহারে হত্যার দাবি করেছে জঙ্গিরা৷ জঙ্গিদের পক্ষ থেকে টুইটার বার্তায় জানানো হয়, তারা এক হাজার ৭০০ সেনাকে হত্যা করেছে৷ দাবির সপক্ষে তারা নিজেদের ওয়েবসাইটে কিছু ছবি প্রকাশ করেছে৷ কিছু ছবিতে দেখা যায়, অসংখ্য মানুষকে হাতকড়া পরিয়ে ট্রাকে করে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া হচ্ছে৷ আবার কিছু ছবিতে দেখা যায়, একটি গর্তের মধ্যে অনেক লোককে শুইয়ে দিয়ে গুলি করা হচ্ছে৷ তবে জঙ্গিদের এই দাবি সম্পর্কে সংশয় প্রকাশ করেছেন সরকারি কর্মকর্তারা৷
সেনাসদস্যদের হত্যার দাবি সত্য-মিথ্যা যা-ই হোক, ভয়াবহ ওই সব ছবি প্রকাশের ঘটনার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র৷
ইরাকের এই পিরস্থিতি নিয়ে নতুন করে জোর সমালোচনার মুখে পড়েছে মার্কিন প্রশাসন৷ মার্কিন সেনারা ইরাক ছেড়ে আসার পর দেশটিতে জঙ্গিদের এই উত্থানের জন্য প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনকে দায়ী করছে বিরোধী রিপাবলিকানরা৷
অন্যদিকে প্রতিবেশী ইরানও ইরাকের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন৷ কারণ, ইরাকের শিয়াপন্থী নুরি আল মালিকির সরকারকে চরম বেকায়দায় ফেলেছে সুন্নিপন্থী জঙ্গিরা৷ শিয়াপন্থী দেশ ইরানের জন্য বিষয়টি তাই উপেক্ষার নয়৷
যুক্তরাষ্ট্র ও ইরানের স্বার্থ মিলে যাওয়ায়, পুরোনো বৈরিতা সত্ত্বেও দেশ দুটি একসঙ্গে ইরাকের পাশে দাঁড়ানোর কথা ভাবছে৷ যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, ইরাকের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ইরানের সঙ্গে সরাসরি আলোচনার বিষয়টি বিবেচনা করছে ওয়াশিংটন৷ এর আগে মার্কিন প্রেসিডেন্ট ওবামা জানান, ইরাক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ বিবেচনায় রাখা হচ্ছে৷ উপসাগরীয় এলাকায় জঙ্গি বিমানবাহী রণতরিও পাঠিয়েছে যুক্তরাষ্ট্র৷
এসবের আগেই ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি সত্যিই জঙ্গি মোকািবলায় ইরাক সরকারের পাশে দাঁড়াতে চায়, তাহলে ওয়াশিংটনকে সহযোগিতার বিষয়টি বিবেচনা করবে তেহরান৷