আরও সংকেতের খোঁজে সাগরে তল্লাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়া এয়ারলাইনসের নিখোঁজ উড়োজাহাজের সম্ভাব্য ধ্বংসাবশেষ থেকে সাগরতলে যেসব সংকেত পাওয়া যাচ্ছিল, তার সূত্র ধরে ধ্বংসাবশেষের স্থান শনাক্তকরণে অস্ট্রেলীয় জাহাজগুলো আরও কয়েক দিন চেষ্টা করবে।
অনুসন্ধান দলটি গতকাল মঙ্গলবার জানায়, নতুন আর কোনো সংকেত পাওয়া যায়নি। ভারত মহাসাগরের নির্দিষ্ট একটি অংশে অনুসন্ধানের লক্ষ্যে একটি ছোট ডুবুরিযান পাঠানোর আগ পর্যন্ত বর্তমান তল্লাশি-প্রক্রিয়া অব্যাহত থাকবে। কুয়ালালামপুর থেকে ২৩৯ জন আরোহী নিয়ে গত ৮ মার্চ রাতে বেইজিংয়ের পথে রওনা হওয়ার পর নিখোঁজ হয় উড়োজাহাজটি। সম্প্রতি শব্দতরঙ্গের মাধ্যমে সাগরতল থেকে প্রবাহিত একাধিক সংকেত পাওয়ার পর উড়োজাহাজটির নিখোঁজ-রহস্য সমাধানে নতুন আশার সঞ্চার হয়। ধারণা করা হচ্ছে, উড়োজাহাজটির ককপিটের তথ্য-উপাত্ত সংরক্ষণে ব্যবহূত ‘ব্ল্যাক বক্স’ থেকে শব্দগুলো ভেসে আসছিল। ব্ল্যাক বক্সের ব্যাটারির মেয়াদকাল এক মাস। দুর্ঘটনার পর ইতিমধ্যে এক মাস পেরিয়ে গেছে। অস্ট্রেলীয় অনুসন্ধান দলের প্রধান অংগাস হিউস্টন গতকাল বলেন, সর্বশেষ গত রোববার শব্দ শোনা গিয়েছিল। ব্ল্যাক বক্সের ব্যাটারির মেয়াদ নিঃসন্দেহে পেরিয়ে গেছে। তাই ওই শব্দের উৎস সন্ধানে অস্ট্রেলীয় নৌবাহিনীর জাহাজ ওশেন শিল্ড আরও কয়েক দিন ধরে অভিযান চালাবে।
কৃত্রিম উপগ্রহের (স্যাটেলাইট) মাধ্যমে সংগৃহীত তথ্য-উপাত্তের ভিত্তিতে মালয়েশিয়ার সরকারি কর্মকর্তারা বলছেন, উড়োজাহাজটি ভারত মহাসাগরের দক্ষিণ অংশে ধ্বংস হয়েছে। দুর্ঘটনাস্থল অস্ট্রেলিয়ার পার্থ শহর থেকে কয়েক হাজার কিলোমিটার পশ্চিমে। এএফপি ও বিবিসি।