আরও সংখ্যালঘু হয়ে পড়ছে কংগ্রেস নেতৃত্বাধীন সরকার
ভারতে কংগ্রেস নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) সরকার থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আঞ্চলিক দল ডিএমকে। শ্রীলঙ্কায় তামিলদের দমনে সরকার ‘মানবতাবিরোধী অপরাধ করলেও’ ভারত সরকার নিন্দা না জানানোয় ডিএমকে গতকাল মঙ্গলবার এ সিদ্ধান্ত নেয়। ডিএমকে সমর্থন প্রত্যাহার করলেও জোটের বাইরে থেকে পাওয়া কয়েকটি দলের সমর্থন নিয়ে টিকে থাকছে ইউপিএ সরকার। তবে ডিএমকের এ সিদ্ধান্তের কারণে ইতিমধ্যে সংখ্যালঘু হয়ে পড়া সরকার আরও অস্থিতিশীল হয়ে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই সরকারের মেয়াদ শেষে আগামী বছর লোকসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে।ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুভিত্তিক দল ডিএমকের প্রধান এম করুণানিধি গতকাল চেন্নাইয়ে দলের সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে জোট ছাড়ার ঘোষণা দেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার ডিএমকের প্রস্তাব বিবেচনায় নিচ্ছে না। এতে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, তাতে ইউপিএর কাছ থেকে তামিলরা কোনোভাবেই কোনো সুবিধা পাবে না। তার পরও ডিএমকে কেন্দ্রীয় সরকারকে সমর্থন দিয়ে গেলে তামিলদের প্রতি অবিচার করা হবে। তাই ডিএমকে সরকার থেকে সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। তবে করুণানিধি বলেন, সরকার যদি তাঁদের দাবি মেনে পার্লামেন্টে নিন্দা প্রস্তাব আনে, তাহলে জোট ছাড়ার বিষয়টি পুনর্বিবেচনা করা হবে। তিনি জানান, কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে তাঁর দলের পাঁচ সদস্য শিগগিরই পদত্যাগ করবেন। ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় মোট ৫৪৩ আসনের মধ্যে চারটি আসন খালি রয়েছে। সরকার টিকিয়ে রাখতে বাকি ৫৩৯ আসনের মধ্যে ইউপিএ সরকারের প্রয়োজন ২৭০ আসন। বর্তমানে ইউপিএভুক্ত দলগুলোর মধ্যে কংগ্রেসের ২০২, ডিএমকের ১৮, এনসিপির ৯, আরএলডির ৫ ও অন্যান্য কয়েকটি দলের ১৬টি আসন রয়েছে। সব মিলিয়ে আসন ২৫০। ডিএমকে সমর্থন প্রত্যাহার করায় আসনসংখ্যা কমে দাঁড়াবে ২৩২টিতে। কিন্তু জোটের বাইরে থেকে এই সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে এসপি (২২), বিএসপি (২১), আরজেডি (৩) ও জেডিএস (৩)। এই দলগুলোর মোট আসন ৪৯টি। তাই ডিএমকের ১৮টি আসন ছাড়াও সরকারের আসন থাকে ২৮১টি। তবে এই পরিস্থিতিতে সরকার টিকে থাকলেও স্থিতিশীলতা হারাবে বলে মনে করেন বিশ্লেষকেরা।এদিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও কংগ্রেস নেতা পি চিদাম্বরম বলেন, শ্রীলঙ্কার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনা হলে তিনি সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন বলে করুণানিধি বলেছেন। এ ব্যাপারে তাঁর সঙ্গে আলোচনা হবে।অনাস্থা প্রস্তাব আনবে না বিজেপি: ভারতের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র প্রকাশ জাবেদকা গতকাল জানান, বিজেপি সরকারের বিরুদ্ধে আনাস্থা প্রস্তাব আনার কথা বিবেচনা করছে না। এএফপি, পিটিআই।