আরও ২৬ ফিলিস্তিনি বন্দীর মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রামাল্লার সদর দপ্তরে গতকাল সদ্য মুক্তি পাওয়া বন্দীদের স্বাগত জানান হাস্যোজ্জ্বল ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস (ডানে)। এর আগে গত ১৩ আগস্ট প্রথম দফায় ২৬ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছিল ইসরায়েলি সরকার, ছবি: এএফপি
রামাল্লার সদর দপ্তরে গতকাল সদ্য মুক্তি পাওয়া বন্দীদের স্বাগত জানান হাস্যোজ্জ্বল ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস (ডানে)। এর আগে গত ১৩ আগস্ট প্রথম দফায় ২৬ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছিল ইসরায়েলি সরকার, ছবি: এএফপি

ইসরায়েল সরকার আরও ২৬ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে। যুক্তরাষ্ট্র-সমর্থিত শান্তি-প্রক্রিয়ার আওতায় তাঁদের মুক্তি দেওয়া হলো। তবে একই সঙ্গে পূর্ব জেরুজালেমে নতুন ইহুদি বসতি নির্মাণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ইসরায়েল।
ফিলিস্তিনের পশ্চিম তীরে ২১ জন বন্দীকে এবং হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকায় আরও পাঁচজনকে মুক্তি দেওয়া শুরু করার পরপরই ইসরায়েলি ওই বসতি নির্মাণের পরিকল্পনাটির কথা প্রকাশ পায়। নতুন এই পরিকল্পনার আওতায় জেরুজালেমের পূর্বাঞ্চলীয় আরব অংশে আরও দেড় হাজার বাড়ি নির্মাণ করা হবে।
এর আগে গত ১৩ আগস্ট প্রথম দফায় ২৬ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয় ইসরায়েল। এবারের মতো তখনো দেশটি দুই হাজারের বেশি নতুন বাড়ি নির্মাণের ঘোষণা দিয়েছিল। এর বেশির ভাগই ছিল পূর্ব জেরুজালেমে।
ইসরায়েলের একটি ঊর্ধ্বতন সূত্র নতুন বসতি নির্মাণের বিষয়টি নিশ্চিত করে এর প্রাথমিক বিবরণ দিয়েছে দেশটির সামরিক রেডিওতে। সূত্রটি বলেছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং স্বরাষ্ট্রমন্ত্রী গিদিওন সার জেরুজালেমে চারটি ভবনের পরিকল্পনার ব্যাপারে সম্মত হয়েছেন।
ফিলিস্তিনি বন্দীদের মুক্তি নিয়ে পশ্চিম তীর ও গাজায় আনন্দ উদ্যাপন চলার সময় ওই ঘোষণা আসে।
সদ্য মুক্তি পাওয়া ২৬ জন ফিলিস্তিনি ২০ বছর ধরে ইসরায়েলের ওফার কারাগারে বন্দী ছিলেন। দুটি মাইক্রোবাসযোগে পশ্চিম তীরের ২১ বন্দীকে মঙ্গলবার দিবাগত রাত একটার কিছুটা পরে বেইতুনিয়া ক্রসিংয়ে নেওয়া হয়। সীমান্তের অন্য প্রান্তে অপেক্ষায় ছিলেন তাঁদের স্বজনেরা। বন্দীরা পায়ে হেঁটে ফিলিস্তিনি নিয়ন্ত্রিত ভূখণ্ডে প্রবেশ করেন। পরে তাঁদের পশ্চিম তীরের রামাল্লায় মাহমুদ আব্বাসের প্রেসিডেন্ট ভবনের প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়; যেখানে আগে থেকেই জড়ো হয় হাজারো ফিলিস্তিনি। এ সময় সমবেত জনতার উদ্দেশে ভাষণ দেন প্রেসিডেন্ট আব্বাস। তিনি বলেন, ‘একজন ফিলিস্তিনিও কারাগারে থাকা অবস্থায় কোনো প্রকার (শান্তি) চুক্তি হবে না।’
ইসরায়েলের কারাগারে এখনো পাঁচ হাজারের মতো ফিলিস্তিনি বন্দী রয়েছেন। গত সপ্তাহে একজন ইসরায়েলি জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করেছিলেন, ফিলিস্তিনি ও মার্কিনদের সঙ্গে কথা বলেই নতুন বসতি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। তবে এমন বক্তব্য সরাসরি নাকচ করে দিয়েছেন প্রেসিডেন্ট আব্বাস।
মুক্তি পাওয়া অন্য পাঁচ বন্দী ইরেজ ক্রসিং হয়ে গাজা উপত্যকায় প্রবেশ করেন। এরপর সেখানে অপেক্ষায় থাকা আত্মীয়স্বজনসহ শত শত শুভাকাঙ্ক্ষীর সঙ্গে তাঁরা মিলিত হন।
হামলা চালিয়ে ইসরায়েলিদের হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছিলেন ওই ২৬ জন ফিলিস্তিনি। হামলাগুলোর বেশির ভাগই চালানো হয় ১৯৯৩ সালের অসলো শান্তিচুক্তির আগে। এএফপি।