আরও ৪০ হাজার সৈন্য পাঠাবে ৫০ দেশ
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আরও ৪০ হাজার সৈন্য পাঠাতে অঙ্গীকার করেছে ৫০টিরও বেশি দেশ। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে শান্তিরক্ষা কার্যক্রমের ওপর গত সোমবার অনুষ্ঠিত সম্মেলনে দেশগুলোর নেতারা এই অঙ্গীকার করেন। খবর এএফপির।
বিশ্বজুড়ে জাতিসংঘের পরিচালিত ১৬টি মিশনে অংশ নিচ্ছে বিভিন্ন দেশের শান্তিরক্ষা বাহিনী। এরই ধারাবাহিকতায় সোমবারের সম্মেলনে এই অঙ্গীকার করেন বিশ্বনেতারা। সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, শান্তিরক্ষীদের নজিরবিহীন চাপ নিতে হচ্ছে। সেই সঙ্গে তাঁদের অনেক কঠিন ও সংঘাতপ্রবণ এলাকায় মোতায়েন করা হচ্ছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনের পাশাপাশি অনুষ্ঠিত এ সম্মেলনে ওবামা বলেন, ‘আমরা জানি, শান্তি অভিযান সব সমস্যার সমাধান নয়। তবে এই অভিযান সশস্ত্র সংঘাত মোকাবিলায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র হতে পারে।’
সম্মেলনে বলা হয়, আরও সৈন্য দিতে অঙ্গীকার করা দেশগুলোর জন্য বেশ কিছু বিষয় বিবেচনায় নিতে হবে। শান্তি মিশনকে আরও গতিশীল করতে জরুরি ভিত্তিতে প্রয়োজন পড়বে হেলিকপ্টার, প্রকৌশল দল, ভ্রাম্যমাণ হাসপাতাল ও বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞ।
সম্মেলনে প্রেসিডেন্ট ওবামা শান্তি মিশনের জন্য দুটি হেলিকপ্টার, দুটি ভ্রাম্যমাণ হাসপাতাল, শুধু নারী সদস্যের নিয়ে একটি পুলিশ ইউনিট এবং ১ হাজার ৬০০ সৈন্য পাঠানোর প্রস্তাব দেন। ইন্দোনেশিয়াও শান্তি মিশনে নিজেদের অংশগ্রহণ বাড়াতে আরও ২ হাজার ৭০০ সৈন্য পাঠানোর ঘোষণা দেয়। ভারত অতিরিক্ত ৮৫০ সৈন্য পাঠানোর অঙ্গীকার করে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন সোমালিয়ায় জাতিসংঘ-আফ্রিকান ইউনিয়ন মিশনের জন্য ৭০ এবং দক্ষিণ সুদানের জন্য ৩০০ সৈন্য পাঠানোর ঘোষণা দেন। এসব স্থানে চরম মানবিক সংকটে পড়তে হচ্ছে জাতিসংঘ মিশনের সদস্যদেশগুলোকে। যুক্তরাষ্ট্র আশা করছে, ইউরোপীয় দেশগুলো তাদের অংশগ্রহণ আরও বাড়াবে।
চীনের ব্যাপক অর্থনৈতিক স্বার্থ রয়েছে আফ্রিকায়। এই বিষয়টি বিবেচনায় নিয়ে দেশটি সেখানে শান্তিরক্ষা মিশনে আরও প্রকৌশলী সৈন্য, যানবাহন ও চিকিৎসা কর্মকর্তা পাঠানোর প্রস্তাব দিয়েছে। সেই সঙ্গে তারা অন্য দেশ থেকে ২০০ শান্তিরক্ষীকে বোমা নিষ্ক্রিয়করণ প্রশিক্ষণ দিয়ে আনার অঙ্গীকার করে।
বর্তমানে জাতিসংঘ শান্তি মিশনে অংশগ্রহণকারী শীর্ষ পাঁচটি দেশ হলো বাংলাদেশ, ইথিওপিয়া, ভারত, পাকিস্তান ও রুয়ান্ডা।