সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে ৯৪ জন ইসলামি জঙ্গির বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। মানবাধিকার কর্মী ও বিদেশি গণমাধ্যমকর্মীর উপস্থিতি ছাড়াই গতকাল সোমবার আবুধাবিতে সুপ্রিম কোর্টে শুনানি শুরু হয়।অভিযুক্ত ব্যক্তিদের গত বছরের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে গ্রেপ্তার করা হয়। সরকারি কৌঁসুলিদের ভাষ্যমতে, তারা আল-ইসলাহ গোষ্ঠীর নেতা-কর্মী। নিষিদ্ধঘোষিত মুসলিম ব্রাদারহুডের সঙ্গে গোষ্ঠীটির ঘনিষ্ঠতা রয়েছে। গত মাসে ইউএইর অ্যাটর্নি জেনারেল সালেম কোবাইশ বলেন, জঙ্গিরা সরকার উৎখাতের ষড়যন্ত্র করে। ক্ষমতা দখলের মাধ্যমে রাষ্ট্রের মৌলিক রাজনৈতিক পদ্ধতি আমূল পাল্টে দেওয়ার পরিকল্পনা হাতে নেয়। ওই গোষ্ঠীর সঙ্গে ব্রাদারহুডসহ বিদেশি জঙ্গিগোষ্ঠীগুলোর যোগাযোগ রয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, তাঁদের প্রতিনিধি কুয়েতের একজন আইনজীবীকে গতকাল আদালতে ঢোকার অনুমতি দেওয়া হয়নি। তাঁকে বিমানবন্দর থেকেই ফেরত পাঠানো হয়। এএফপি।