আরব-ইসরায়েল যুদ্ধের বার্ষিকীতে বিক্ষোভের ডাক ব্রাদারহুডের
মিসরে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থক ইসলামপন্থীরা অভ্যুত্থানকারী সামরিক বাহিনীর বিরুদ্ধে গতকাল শনিবার নতুন করে বিক্ষোভ করেছে। এ ছাড়া ১৯৭৩ সালের আরব-ইসরায়েল যুদ্ধের ৪০তম বর্ষপূর্তি দিবস উপলক্ষে রাজধানী কায়রোর তাহরির স্কয়ারে আজ রোববার বিক্ষোভ আহ্বান করেছে তারা।
মিসরে গত কয়েক দিন ধরে আবারও রাজনৈতিক সহিংসতা চলছে। সেনা-সমর্থিত সরকারের বিরুদ্ধে রাজধানী কায়রো ও আলেকজান্দ্রিয়াসহ কয়েকটি শহরে মুসলিম ব্রাদারহুডের বিক্ষোভ কর্মসূচি চলাকালে সহিংসতায় গত শুক্রবারও পাঁচজন নিহত হয়েছে। তবে নিহত ব্যক্তিরা ব্রাদারহুডের সমর্থক কি না, সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। মিসরের সংবাদমাধ্যম অবশ্য শুক্রবারের রক্তপাতের জন্য ব্রাদারহুডকেই দায়ী করেছে। নিরাপত্তা বাহিনী সেদিন কাঁদানে গ্যাস ও গুলিবর্ষণ করে বলে অভিযোগ পাওয়া যায়।
কায়রোর তাহরির স্কয়ার এলাকা সেনাবাহিনী ঘিরে রেখেছে। অভ্যুত্থানবিরোধী ইসলামপন্থী জোট দেশের প্রতিটি অঞ্চলে বিক্ষোভ অব্যাহত রাখতে দেশবাসীর প্রতি আবারও আহ্বান জানিয়েছে।
অ্যাশটনের আহ্বান: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দূত ক্যাথরিন অ্যাশটন মিসরের কয়েকজন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও মুসলিম ব্রাদারহুডের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে তাঁদের সমঝোতার আহ্বান জানিয়েছেন। তিন দিনের নতুন এক সফরে অ্যাশটন গত মঙ্গলবার কায়রোতে পৌঁছান। এএফপি ও আল-আহরাম।