আরব পর্যবেক্ষকদের সিরিয়া থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবেশী আরব দেশগুলো গতকাল মঙ্গলবার সিরিয়া থেকে পর্যবেক্ষক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। এদিকে, সিরিয়ার চলমান সংকট নিরসনে নিজেদের পরিকল্পনার বিষয়ে আলোচনার জন্য আরব লিগ জাতিসংঘের মহাসচিব বান কি মুনের সঙ্গে বৈঠকে বসতে একটি আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে।আরব লিগের মহাসচিব নাবিল আল-আরাবি, কাতারের প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন জসিম আল-থানি ও আরব লিগের ডেপুটি প্রধান আহমেদ বিন হেলালি যৌথভাবে মুনের সঙ্গে বৈঠকে বসার ওই লিখিত অনুরোধ জানান। একই সঙ্গে সিরিয়ার ওপর চাপ সৃষ্টিতে আরব লিগের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আন্তর্জাতিক সংগঠনটির সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে।গত রোববার আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এক বৈঠকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে একজন ডেপুটির কাছে ক্ষমতা হস্তান্তর ও দুই মাসের মধ্যে জাতীয় ঐক্যের সরকার গঠনের একটি প্রস্তাব দেয়। তবে দামেস্ক ওই প্রস্তাব নাকচ করায় আকস্মিক বান কি মুনের সঙ্গে বৈঠকে বসার পদক্ষেপ নিল আরব লিগ।গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) এক বিবৃতিতে বলেছে, সিরিয়া থেকে আরব লিগের পর্যবেক্ষক প্রত্যাহারে সৌদি আরবের পদক্ষেপের পরিপ্রেক্ষিতে জিসিসিও তা অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছে।কুয়েতের আল কাবাস পত্রিকা বলেছে, জিসিসিভুক্ত দেশগুলো উচ্চপর্যায়ের প্রতিনিধিদল রাশিয়ায় পাঠাবে। রাশিয়ায় গিয়ে প্রতিনিধিদলটি বাশার আল-আসাদের সরকারের প্রতি সমর্থন না দেওয়ার জন্য মস্কোর ওপর চাপ সৃষ্টি করবে।পত্রিকাটি আরও বলেছে, জিসিসিভুক্ত দেশগুলো সিরিয়া থেকে পর্যবেক্ষক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। কারণ, পর্যবেক্ষকেরা বেসামরিক লোকজনের বিরুদ্ধে সিরিয়ার সরকারের চালানো দমনপীড়নের সাক্ষী হোক, এটা তারা চায় না। এএফপি।