আরব বসন্ত শেষ হচ্ছে না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আরব বসন্তে’ উদ্বুদ্ধ হয়ে গত বছর যে লক্ষ্য নিয়ে মিসরের রাজধানী কায়রোর তাহরির স্কয়ারে যোগ দিয়েছিলেন হাজার হাজার বিপ্লবী, তাঁদের সেই লক্ষ্য আপাতত পূরণ হওয়ার কোনো আভাস মিলছে না।আরব বসন্ত গণজাগরণে প্রায় ৩০ বছরের শাসক প্রেসিডেন্ট মোবারক ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথমবারের মতো দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হলো। ১৬ ও ১৭ জুন অনুষ্ঠিত ওই নির্বাচনে মুসলিম ব্রাদারহুডের নেতা মোহাম্মদ মুরসি জয়ের দাবি করেছেন। জয়ের দাবি করেছেন মোবারকের সাবেক প্রধানমন্ত্রী আহমেদ শফিকও। যদিও নির্বাচন কমিশন এখনো আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেনি। কাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ওই ফলাফল ঘোষণা করার কথা রয়েছে।নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল যা-ই হোক, নির্বাচনের আগে থেকে কিছু প্রক্রিয়ায় এটা এক প্রকার নিশ্চিত যে মোবারকের পতনের পর থেকে সামরিক বাহিনীর যে সুপ্রিম কাউন্সিল ক্ষমতায় আছে, তারাই দেশটির নিয়ন্ত্রণ হাতে রাখতে চায়। প্রাথমিক পর্যায়ে শফিকের মনোনয়ন অবৈধ ঘোষণার পরও আদালতের রায়ে তা বৈধ ঘোষণা, নির্বাচনের আগে আগে নির্বাচিত পার্লামেন্টকে আদালতের রায়ে অবৈধ ঘোষণা—এসব বিষয় শফিকের পক্ষে সুপ্রিম কাউন্সিলের অবস্থান ও তাদের ক্ষমতা আঁকড়ে ধরে রাখার কৌশল বলেই মনে হয়। নির্বাচনে শফিক পরাজয় মেনে নিলেও সুপ্রিম কাউন্সিল ক্ষমতা ছেড়ে দেবে, তেমন আভাস পাওয়া যাচ্ছে না।মার্কিন সাবেক গোয়েন্দা কর্মকর্তা ও বর্তমানে ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের কর্মকর্তা অ্যান্থনি কর্ডসম্যান বলেন, মিসরে বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে, তা বাস্তবিক অর্থে নির্বাচনের চেয়ে ক্ষমতা দখলের লড়াইয়ের একটি পর্ব বলেই বেশি মনে হয়। তিনি বলেন, ‘মিসর কে শাসন করবে, কারা দেশটির প্রতিনিধিত্ব করবেন, তা অস্পষ্ট। তবে এটা স্পষ্ট যে দেশটিতে খুব শিগগিরই স্থিতিশীলতা ফিরছে না।’মিসরের বর্তমান বাস্তবতা হলো, নতুন প্রেসিডেন্ট যেই হোন, তাঁকে অন্তত ২০ জন জেনারেলের অধীনে থাকতে হবে। আরব বসন্তের সময় এই জেনারেলরা মোবারকের পাশে ছিলেন। বিশ্লেষকেরা বলছেন, মিসরে ব্রাদারহুড দেশটির সেনাবাহিনীর পুরোনো শত্রু। তাদের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়ার কোনো ইচ্ছাই সেনাবাহিনীর নেই। সব মিলিয়ে এটা স্পষ্ট যে মিসরের তাহরির স্কয়ারে যে লক্ষ্য নিয়ে আন্দোলন করে মোবারককে হটিয়ে দেন বিপ্লবীরা, তা অন্তত পূরণ হচ্ছে না। রয়টার্স।