আরব বসন্তের লক্ষ্য অর্জনে কল্যাণমূলক সংস্কার দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরব বসন্তের আর্থসামাজিক লক্ষ্য অর্জনের জন্য মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকাজুড়ে কল্যাণমূলক সংস্কার-প্রক্রিয়া বাস্তবায়নের ওপর গুরুত্ব দিতে হবে। বিশ্বব্যাংক-গ্যালাপের এক জরিপে এ পরামর্শ দেওয়া হয়েছে। জরিপটি গতকাল মঙ্গলবার প্রকাশিত হয়। জরিপে বলা হয়, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলে উপার্জন-সহায়ক ও অস্থায়ী কর্মসংস্থান কর্মসূচির মতো আরও শক্তিশালী ‘সামাজিক নিরাপত্তাবলয়’ প্রয়োজন। সরকারি জ্বালানি ভর্তুকি থেকে সেখানকার দরিদ্রদের চেয়ে ধনীরাই বেশি লাভবান হয়।আরব বসন্তে নেতৃত্বদানকারী দুই দেশ মিসর, তিউনিসিয়া ছাড়াও গণবিক্ষোভের আওতামুক্ত দেশ লেবানন ও জর্ডানে ওই জরিপ চালানো হয়। জরিপে অংশগ্রহণকারী বেশির ভাগ মানুষ বলেন, দরিদ্র জনগণকে সহায়তার প্রাথমিক দায়িত্ব ধর্মীয় বা দাতব্য সংস্থা কিংবা বন্ধু ও পরিবারের পরিবর্তে সরকারকেই নিতে হবে। জরিপে অংশগ্রহণকারী মিসরের নাগরিকদের মাত্র ৩০ শতাংশ ও লেবাননের নাগরিকদের মাত্র ২২ শতাংশের মতে, দারিদ্র্য বিমোচনে সরকারের গৃহীত উদ্যোগ পর্যাপ্ত। অন্যদিকে, জরিপে অংশগ্রহণকারী তিউনিসিয়া ও জর্ডানের নাগরিকদের যথাক্রমে ৬১ ও ৬৬ শতাংশ মনে করেন, সরকার ধনীদের তুলনায় দরিদ্রদের খুব কম গুরুত্ব দেয়। সামাজিক সহায়তা কর্মসূচি সম্পর্কে ওই চার দেশের অনেকেরই কোনো ধারণা নেই। মিসরের গড়পড়তা নাগরিকেরা এ রকম মাত্র দুই থেকে ছয়টি কর্মসূচি সম্পর্কে জানেন। তবে জরিপে অংশগ্রহণকারী ব্যক্তিরা সবাই দরিদ্রদের কল্যাণে আরও কার্যকর কর্মসূচি চালুর পক্ষে মত দেন।জরিপে আরও বলা হয়, সংশ্লিষ্ট চার দেশের প্রতিটিতে প্রতি ১০ জনে অন্তত আটজন প্রাপ্তবয়স্ক নাগরিক মনে করেন, সামাজিক সহায়তা কর্মসূচিগুলো কেবল দরিদ্রদের জন্যই হওয়া উচিত। বর্তমান সরকার কেবল বিত্তশালীদেরই সুবিধা দিয়ে যাচ্ছে।জর্ডানে সরকারি ভর্তুকির ৫০ শতাংশই ধনীদের পকেটে চলে যাচ্ছে। মধ্যপ্রাচ্য ও পূর্ব আফ্রিকা অঞ্চলে দরিদ্রতম জনগোষ্ঠীর এক-তৃতীয়াংশেরও কম মানুষকে সামাজিক নিরাপত্তাবলয়ের আওতায় আনা হয়েছে। ওই কর্মসূচির জন্য সরকারি বরাদ্দ অপর্যাপ্ত। এএফপি।