আরব বিশ্বজুড়ে মার্কিন মিশনে কড়া নিরাপত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাস নিয়ে উদ্বেগের পরিপ্রেক্ষিতে আরব বিশ্বজুড়ে মার্কিন মিশনগুলোতে গতকাল রোববার ছিল কড়া নিরাপত্তাব্যবস্থা। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও নিরাপত্তা বাড়ানো হয়। আল-কায়েদার হুমকির কারণে এদিন বিশ্বজুড়ে ২২টি মার্কিন দূতাবাস ও কনস্যুলেট বন্ধ ছিল। উদ্ভূত পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেছে ওয়াশিংটন।বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনের রাজধানী সানায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। আল-কায়েদার ইয়েমেন ও সৌদি আরব শাখার কাছ থেকে নিরাপত্তা হুমকির প্রেক্ষাপটে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারির পর সানায় ব্রিটিশ, ফরাসি ও জার্মান দূতাবাসও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। রোববারের পাশাপাশি আজ সোমবারও বন্ধ থাকবে ইয়েমেনের ব্রিটিশ ও ফরাসি দূতাবাস। আর জার্মানি জানিয়েছে, তাদের দূতাবাস ‘কয়েক দিনের জন্য’ বন্ধ থাকবে।সানায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হলেও যুক্তরাষ্ট্রের ওই সতর্কতার ব্যাপ্তি ছিল অধিকাংশ আরব দেশের রাজধানী এবং আরব বিশ্বের বাইরেও। দক্ষিণ এশিয়ার আফগানিস্তান ও বাংলাদেশে এই সতর্কতা জারি করা হয়। গতকাল এসব দেশের মার্কিন দূতাবাস বন্ধ ছিল।সানায় বার্তা সংস্থা এএফপির একজন সাংবাদিক জানান, সেখানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির দূতাবাসের বাইরে সাঁজোয়া যান নিয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। শহরের প্রধান প্রধান সড়কে পুলিশ ও সেনাবাহিনী নিরাপত্তাচৌকি বসিয়েছে।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তাঁরা আকাশে চালকবিহীন বিমান (ড্রোন) ওড়ার শব্দ শুনতে পেয়েছেন। ওই অঞ্চলে একমাত্র ওয়াশিংটনই ড্রোন পরিচালনা করে থাকে।জর্ডানে বন্ধ মার্কিন দূতাবাসের চারপাশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। দেশটির একজন নিরাপত্তা কর্মকর্তা বলেন, ‘কর্তৃপক্ষ সব মার্কিন কূটনৈতিক অবস্থানে বিস্ফোরকের সন্ধানে তল্লাশি চালিয়েছে এবং মার্কিন দূতাবাসের চারপাশে নিরাপত্তা বাড়িয়েছে।’যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও নিরাপত্তা জোরদার করা হয়। দেশটির সব গুরুত্বপূর্ণ বিমানবন্দর ও রেলস্টেশনসহ বিভিন্ন পরিবহন স্থাপনায় বাড়তি নিরাপত্তাব্যবস্থা নিয়েছে হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর। এ ছাড়া এখন যাঁরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করছেন, তাঁদের তথ্য-উপাত্ত আরও বেশি করে যাচাই করা হচ্ছে।এদিকে সম্ভাব্য সন্ত্রাসী হামলা নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে শনিবার উচ্চপর্যায়ের বৈঠক করেছে হোয়াইট হাউস। এতে সভাপতিত্ব করেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুসান রাইস। বৈঠকে উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল ও হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী জ্যানেট নাপোলিটানো। বৈঠকে গোয়েন্দা সংস্থা সিআইএ, এফবিআই ও এনএসএ-প্রধানদের পাশাপাশি জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূতও উপস্থিত ছিলেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। বৈঠকে প্রেসিডেন্ট বারাক ওবামা উপস্থিত ছিলেন না, তবে বৈঠকের পরে তাঁকে সার্বিক বিষয় অবগত করানো হয়।হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, চলতি সপ্তাহের শুরুতে প্রেসিডেন্ট তাঁর জাতীয় উপদেষ্টা দলকে মার্কিন নাগরিকদের সুরক্ষা দিতে সব ধরনের যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। আরব উপদ্বীপে সম্ভাব্য হুমকি সংঘটন বা ওই এলাকা থেকে হুমকি আসার প্রেক্ষাপটে তিনি ওই নির্দেশনা দেন।আল-কায়েদা মধ্যপ্রাচ্য অথবা উত্তর আফ্রিকায় চলতি আগস্ট মাসে মার্কিন স্বার্থে হামলা চালাতে পারে বলে গোয়েন্দা তথ্য রয়েছে জানিয়ে ওয়াশিংটন গত শুক্রবার বিশ্বব্যাপী মার্কিন নাগরিকদের ভ্রমণে সতর্কতা জারি করে।মার্কিন সামরিক বাহিনীর প্রধান জেনারেল মার্টিন ডেম্পসি এবিসি নিউজকে বলেছেন, কেবল মার্কিন স্বার্থে নয়; সম্ভাব্য ওই হামলার লক্ষ্যবস্তু পশ্চিমা স্বার্থ এবং আগের হুমকিগুলোর চেয়ে এটা ‘অনেক বেশি সুনির্দিষ্ট’। এএফপি ও পিটিআই।