আরব বিশ্বে পটপরিবর্তন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য বড় হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিউনিসিয়ায় সফল গণ-আন্দোলনের মুখে বিদায় নিতে বাধ্য হয়েছেন প্রেসিডেন্ট জয়নুল আবেদিন বেন আলী। মিসরে প্রেসিডেন্ট হোসনি মোবারকেরও যায় যায় অবস্থা। বিক্ষোভ দানা বেঁধেছে আশপাশের আরও কয়েকটি দেশে। আরব বিশ্বের এই পট পরিবর্তন বা সংস্কার প্রক্রিয়া যে পথে হচ্ছে তা যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র ইসরায়েলের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে বলে সতর্ক করে দিয়েছেন পশ্চিমা বিশ্লেষকেরা।তিউনিসিয়া-মিসরের পাশাপাশি পর্যবেক্ষকেরা তীক্ষ নজর রাখছেন মার্কিন মিত্র সৌদি আরব, ইয়েমেন ও জর্ডানের ওপর। এর মধ্যে মিসর ছাড়া জর্ডানই একমাত্র আরব দেশ যার সঙ্গে ইসরায়েলের শান্তি চুক্তি আছে।রক্ষণশীল বিশ্লেষক ড্যানিয়েল প্লেতকা বলেন, ওই অঞ্চলের চলমান গণতন্ত্রপন্থী আন্দোলনের বিষয়ে যুক্তরাষ্ট্র যদি যা করার তা না করে শুধু কথা বলেই চলে এবং আন্দোলনকারীদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে না পারে তাহলে ওই অঞ্চলে মার্কিন প্রভাব হ্রাস পাবে।মোবারকের বিষয়ে যুক্তরাষ্ট্র সরাসরি কিছু বলতে পারছে না কারণ তিনি তাদের দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ মিত্র এবং ইসরালের ও ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রক্রিয়ার অন্যতম সহযোগী।মিসরে যদি প্রেসিডেন্টের পতন ঘটে এবং অন্য কোনো পক্ষ ক্ষমতায় আসে তাহলে দেশটি তখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিতে পারে বলে যে কথা উঠেছে তা নিয়ে মুখ খুলেছেন মিসরের অন্যতম বিরোধী নেতা মোহাম্মদ এল বারাদি। গত বুধবার মোহাম্মদ এল বারাদি বলেছেন, ‘মিসরে গণতন্ত্র কায়েম হলে দেশটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী হয়ে উঠতে পারে বলে যে কথা বলা হচ্ছে তা নিতান্তই অমূলক ও কাল্পনিক।’বিশ্লেষকেরা বলছেন, ইসলামপন্থী মুসলিম ব্রাদারহুডের উত্থানের ভয় দেখিয়ে মোবারক পশ্চিমাদের সমর্থন আদায় করে আরও ক্ষমতায় টিকে থাকতে চাইছেন।কার্নেগি ফাউন্ডেশনের মারিনা ওত্তাওয়ে বলেন, ‘মিসরে মুসলিম ব্রাদারহুড ক্ষমতায় আসতে পারে এবং এই পরিবর্তনের ফলে ইসরায়েলের সঙ্গে দেশটির সম্পর্কের অবনতি হতে পারে বলে যুক্তরাষ্ট্রের মধ্যে উদ্বেগ রয়েছে। তবে দুই বিষয়ে এই উদ্বেগ অতিরঞ্জিত।’মারিনা আরও বলেন, ‘এই উদ্বেগের কারণে যুক্তরাষ্ট্র এত দিনেও মোবারকের ওপর চাপ সৃষ্টি করতে পারেনি।’কাউন্সিল অন ফরেন রিলেশনসের লেসলি গেলব জানিয়েছেন, মুসলিম ব্রাদারহুড মার্কিন নিরাপত্তার জন্য ক্ষতিকর হতে পারে। লেসলি গেলব আরও বলেন, ‘সংগঠনটির সমর্থক হামাস বা অন্যান্য সন্ত্রাসী সংগঠন গুরুত্বপূর্ণ সুয়েজ খাল এলাকার কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারে এবং মিসর-ইসরায়েল চুক্তির বিরোধিতা করতে পারে।’লেসলি গেলব আরও বলেন, ‘এসব ছাড়াও ওই অঞ্চলে এবং সারা বিশ্বে সন্ত্রাসবাদবিরোধী প্রচেষ্টাকে হুমকির মুখে ফেলে দিতে পারে মুসলিম ব্রাদারহুড। এটা সত্যিই বড় উদ্বেগের বিষয়।’ এএফপি।