আরব বিশ্বে ব্যাপক হারে ছড়াচ্ছে এইডস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরব বিশ্বে এইচআইভি/এইডস ছড়িয়ে পড়ার হার আগের চেয়ে অনেক বেড়েছে। জাতিসংঘের বিশেষজ্ঞরা এ আশঙ্কার কথা জানিয়ে বলেন, সামাজিক অনাচার, সরকারের উদানীসতা এবং শিক্ষা ও চিকিৎসার ক্ষেত্রে সুযোগ-সুবিধার অভাব আরব বিশ্বে এইডস ছড়িয়ে পড়ার কারণ। জাতিসংঘের জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) উপদেষ্টা আলেকসান্দর শাসা বদিরোজা বলেন, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলোতে এইচআইভির সংক্রমণ ছড়িয়ে পড়ার হার গত দশকের তুলনায় বেড়েছে। তিনি বলেন, ওই অঞ্চলে ২০০১ সালে এইচআইভি সংক্রমণের শিকার ৪৫ হাজার মানুষকে চিকিৎসা দিতে হতো। ২০১০ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৬০ হাজারে। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় এইচআইভি ছড়িয়ে পড়ার এ হার বিশ্বের যেকোনো অঞ্চলের তুলনায় অনেক বেশি।চলতি মাসে প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বজুড়ে এইচআইভি সংক্রমণের হার কিছুটা কমে এসেছে। এ ছাড়া এর চিকিৎসাব্যবস্থা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ায় এইডসের কারণে মৃত্যুর হারও কমেছে। কিন্তু আরব বিশ্বের ক্ষেত্রে বিপরীত পরিস্থিতি দেখা গেছে। এখানে এইচআইভি সংক্রমণ ও মৃত্যুর হার দুটোই বেড়েছে। এর কারণ হিসেবে জনসচেতনতা ও সরকারের উদাসীনতাকে দায়ী করা হয়েছে।জাতিসংঘের তথ্যমতে, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার সাড়ে তিন লাখ থেকে পাঁচ লাখ ৭০ হাজার মানুষ এইচআইভি সংক্রমণের শিকার।বিজ্ঞানবিষয়ক অনলাইন গবেষণা প্রকাশনা সংস্থা পাবলিক লাইব্রেরি অব সায়েন্সের এক গবেষণায় দেখা যায়, মিসরের রাজধানী কায়রোতে সমকামী পুরুষের মধ্যে এইচআইভি সংক্রমণের হার ৫ দশমিক ৭ শতাংশ। সুদানের রাজধানী খার্তুমে এই হার ৯ দশমিক ৩ শতাংশ। কিছু কিছু দেশে এইচআইভি সংক্রমণ রোধে ছোটখাটো পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু লোকলজ্জার মতো সামাজিক বাধাসহ নানা কারণে এ পদক্ষেপ বাস্তবায়নে সমস্যা দেখা দেয়।আমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুত মেডিকেল সেন্টারের মনোবিজ্ঞানী ব্রিজিত খাউরি বলেন, ‘এইচআইভি নিয়ে জীবন কাটানো খুব কঠিন। এই রোগ নিয়ে আপনজনদের সঙ্গেও কেউ মন খুলে কথা বলতে পারে না।’ এএফপি।