আরব লিগের অবরোধের মুখে সিরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার বর্তমান পরিস্থিতি পরিদর্শনে সেখানে পর্যবেক্ষকদের ঢুকতে দেওয়ার জন্য আরব লিগের বেঁধে দেওয়া সময়সীমা অতিক্রান্ত হয়েছে গতকাল শুক্রবার। গ্রিনিচ মান সময় বেলা ১১টায় এ সময়সীমা শেষ হলেও সিরীয় কর্তৃপক্ষ এতে কোনো সাড়া দেয়নি। আরব লিগ এর আগে সতর্ক করে দিয়ে বলেছিল, জোটের কথা না মানলে দেশটির ওপর বিভিন্ন ধরনের অবরোধ আরোপের জন্য শনিবার (আজ) বৈঠকে বসবেন তাদের অর্থমন্ত্রীরা।মিসরের কায়রোতে গত বৃহস্পতিবার সিরিয়া পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেন আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীরা। ওই বৈঠক থেকে প্রথমবারের মতো সিরিয়া সমস্যার সমাধানের জন্য জাতিসংঘের সহযোগিতার আহ্বান জানায় ২২টি দেশের জোট আরব লিগ।সিরিয়ার সমস্যাকে তাদের অভ্যন্তরীণ বিষয় হিসেবে আখ্যায়িত করে সেখানে বাইরের কোনো শক্তির হস্তক্ষেপ ঠেকিয়ে রেখেছিল আরব লিগ। কিন্তু বৃহস্পতিবার তারা একমত হয়, সমস্যা সমাধানে আরব লিগের উদ্যোগকে সমর্থন দেওয়ার জন্য জাতিসংঘের মহাসচিব বান কি মুনের প্রতি আহ্বান জানানো হবে।একই সঙ্গে সিরিয়ায় আন্তর্জাতিক পর্যবেক্ষক ঢুকতে দেওয়ার জন্য একটি চুক্তিতে স্বাক্ষর করতে কর্তৃপক্ষকে গতকাল পর্যন্ত সময় বেঁধে দেয় আরব লিগ। এই সময়ের মধ্যে তারা চুক্তি স্বাক্ষরে ব্যর্থ হলে আজ শনিবার আরব লিগের অর্থমন্ত্রীরা আবার বৈঠক করে সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়ে দেওয়া হয়। এএফপি, রয়টার্স।