আরব লিগের জরুরি বৈঠক স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়া-সংকট নিয়ে আলোচনার জন্য ডাকা আরব লিগের জরুরি বৈঠক স্থগিত করা হয়েছে। গতকাল রোববার সৌদি আরবে এ বৈঠক হওয়ার কথা ছিল।তুরস্কের নেতাদের সঙ্গে আলোচনার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, ‘আমাদের প্রধান লক্ষ্য হলো, সিরিয়ায় রক্তপাত বন্ধ করা ও প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিদায় নিশ্চিত করা। এ লক্ষ্যে সিরিয়ার বিদ্রোহীদের সহায়তার ব্যাপারে বিস্তারিত পরিকল্পনা করতে যুক্তরাষ্ট্র ও তুরস্ক একযোগে কাজ করছে।’সিরিয়া-পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য গতকাল সৌদির জেদ্দায় জরুরি বৈঠক আহ্বান করা হয়। কিন্তু কোনো কারণ উল্লেখ না করেই পরে তা স্থগিত করা হয়। আরব লিগের উপমহাসচিব আহমেদ বেন হেল্লি বৈঠক স্থগিত করার কথা নিশ্চিত করেন। ওই বৈঠকে জাতিসংঘ ও আরব লিগের সিরিয়াবিষয়ক দূতের বিষয়ে চূড়ান্ত আলোচনা হওয়ারও কথা ছিল। জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান গত মাসে সিরিয়াবিষয়ক দূতের পদ ছেড়ে দেন।জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আগামী বৃহস্পতিবার সিরিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনায় বসবে। তবে সেখানে সর্বসম্মত কোনো সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ, সিরিয়ার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার পক্ষে নেই পরিষদের স্থায়ী সদস্যরাষ্ট্র রাশিয়া ও চীন।লড়াই অব্যাহত: সিরিয়ার দ্বিতীয় শহর আলেপ্পোয় সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের লড়াই চলছে। গত সপ্তাহে বিদ্রোহীরা কিছু কিছু এলাকা থেকে সরে গেলেও গতকাল নতুন করে সেসব এলাকায় লড়াই শুরু হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, গতকাল সার, সাকুর, হানানো ও বুস্তান আল কসর এলাকায় সেনাবাহিনী ব্যাপক বোমা হামলা চালিয়েছে।সংগঠনটির তথ্যমতে, গত শনিবার সিরিয়াজুড়ে অন্তত ১৪৮ জন নিহত হয়েছে। এর মধ্যে ৮৫ জনই বেসামরিক নাগরিক। এএফপি, বিবিসি।