আরব লিগের পরিকল্পনায় সিরিয়ার ‘ইতিবাচক সাড়া’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার সরকারবিরোধীদের ওপর কয়েক মাস ধরে চলা হত্যা-নির্যাতন বন্ধের আরব পরিকল্পনায় সই করতে অবশেষে ‘ইতিবাচক সাড়া’ দিয়েছে দেশটির সরকার। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র গতকাল সোমবার বলেছেন, পরিকল্পনা অনুযায়ী পর্যবেক্ষকদের অনুমতি দেবে সরকার।সিরিয়ার প্রকৃত পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য পর্যবেক্ষকদের প্রবেশের অনুমতি দিতে দেশটির সরকারকে গত রোববার এক দিনের সময়সীমা বেঁধে দিয়েছিল আরব লিগ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিহাদ মাকদেসি গতকাল জানান, সিরিয়ার সরকার আরব লিগের পর্যবেক্ষকসংক্রান্ত ওই প্রটোকলে সই করার ব্যাপারে ইতিবাচকভাবে সাড়া দিয়েছে। পরিকল্পনায় সই করার সব পথ পরিষ্কার হয়েছে জানিয়ে তিনি বলেন, দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মুয়াল্লেম এ-সংক্রান্ত একটি বার্তা গত রোববার রাতেই আরব লিগের কাছে পাঠিয়ে দিয়েছে। মুখপাত্র মাকদেসি আরও জানান, আরব লিগের কাছে পাঠানো বার্তায় যেসব পর্যবেক্ষক পাঠানো হবে, তাদের নাম ও জাতীয়তা জানতে চাওয়া হয়েছে। আরব লিগের পক্ষ থেকে এ বিষয়ে ইতিবাচক জবাব পাওয়া যাবে আশা প্রকাশ করে তিনি বলেন, পর্যবেক্ষক মিশনের সফলতা এখন আরব লিগের অভিপ্রায়ের ওপরই নির্ভর করছে। এর আগে গত মাসে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী মুয়াল্লেম বলেছিলেন, পর্যবেক্ষকদের অনুমতি দেওয়াসংক্রান্ত ওই প্রটোকলে তাঁরা সই করবেন না, কারণ সেখানে যেসব শব্দ ব্যবহার করা হয়েছে, তা সিরিয়ার সার্বভৌমত্বকে খাটো করেছে। আন্তর্জাতিক সম্প্রদায় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের নিরাপত্তা বাহিনীর কর্মকাণ্ড পর্যবেক্ষণ করতে চায়। কারণ, দেশটির সেনাবাহিনী মানবাধিকার লঙ্ঘন করছে বলে এরই মধ্যে অভিযোগ তুলেছে জাতিসংঘ। জাতিসংঘের হিসাবমতে, দেশটিতে গত মার্চ মাসের মাঝামাঝি সময়ে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর এ পর্যন্ত অন্তত চার হাজার লোকের প্রাণহানি ঘটেছে। মানবাধিকার সংগঠনগুলোর কর্মীদের মতে, সহিংসতায় গত সপ্তাহে অন্তত আরও ৬৩ জন লোক মারা গেছে। যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী জেফারি ফেল্টম্যান গত রোববার জর্ডানে এক অনুষ্ঠানে বলেন, পর্যবেক্ষক দল ও গণমাধ্যমকে সিরিয়ার সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখতে দেওয়া হলে সেখানে নিরাপত্তা বাহিনী বেসামরিক লোকজনের ওপর বর্তমানে যে মাত্রায় সহিংসতা চালাচ্ছে, তা আর পারবে না। উল্লেখ্য, কাতারের প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন জসিম আল-থানি দোহায় সিরিয়াকে পর্যবেক্ষক দলের প্রবেশের অনুমতি দিতে ওই এক দিনের সময়সীমা ঘোষণা করেছিলেন। তিনি সে সময় দেশটিকে সতর্ক করে দিয়ে বলেছিলেন, পর্যবেক্ষকদের অনুমতি দেওয়ার বিষয়ে সিরিয়া কর্ণপাত না করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এএফপি।