আরাফাতকে বিষে হত্যার সন্দেহ পোক্ত হচ্ছে

ফিলিস্তিনের মুক্তি সংগ্রামের খ্যাতনামা নেতা ইয়াসির আরাফাতের ব্যবহূত পোশাক পরীক্ষা করে তাতে পলোনিয়ামের অস্তিত্ব পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন সুইস বিকিরণ বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, এ ঘটনা আরাফাতকে বিষপ্রয়োগে হত্যা করা হয়েছিল এমন সন্দেহকে সত্যে পরিণত করতে চলেছে।
টাইমস অব ইন্ডিয়া জানায়, ২০১২ সালে আরাফাতের মৃতদেহ কবর থেকে তুলে পরীক্ষার পর বিশেষজ্ঞরা যে প্রতিবেদন দিয়েছিলেন, সেটি নিয়ে সুপরিচিত চিকিত্সা সাময়িকী ‘দ্য ল্যান্সেট’-এ গত রোববার এক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তাতে আরাফাতকে বিষপ্রয়োগে হত্যা করা হয়েছিল, এমন দাবি করা হয়।
আরাফাত ২০০৪ সালের ১১ নভেম্বরে ৭৫ বছর বয়সে ফ্রান্সের এক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। তিনি কিসে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন, সেটি নিশ্চিতভাবে জানা যায়নি। মৃত্যুর পর তাঁর কোনো ময়নাতদন্তও হয়নি। পরে গত বছর তাঁর স্ত্রী সুহা আরাফাত দাবি করেন যে, তাঁর স্বামীকে বিষপ্রয়োগে হত্যা করা হয়েছিল। এ ঘটনার পরিপ্রেক্ষিতে আরাফাতের মৃতদেহ তুলে তা পরীক্ষা শুরু করে সুইস, রুশ ও ফরাসি বিশেষজ্ঞরা।
কার্যত ২০০৬ সালে রাশিয়ার সাবেক গোয়েন্দা ও ক্রেমলিনের সমালোচককে পলোনিয়াম প্রয়োগে হত্যার পর আরাফাতের বিষয়টি নিয়ে অনেকের ভাবনাচিন্তা শুরু হয়।
গত বছর নভেম্বর মাসে আরাফাতের মৃতদেহ কবর থেকে তোলা হয় এবং তা থেকে নমুনা সংগ্রহ করা হয়। এখনো সেসব নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে।
দ্য ল্যান্সেটের প্রতিবেদনে দাবি করা হয়, সুইজারল্যান্ডের লউসেনে অবস্থিত ইউনিভার্সিটি সেন্টার অব লিগাল মেডিসিন এবং ইনস্টিটিউট অব রেডিয়েশন ফিজিক্সের আটজন বিজ্ঞানী আরাফাতের এ বিষয়টি নিয়ে গবেষণা করছেন। তাঁরা জানিয়েছেন, ইতিমধ্যে ৭৫টি নমুনার ওপরে রেডিওলজিক্যাল পরীক্ষা চালানো হয়েছে।
এসবের মধ্যে ৩৮টি নমুনা এসেছে আরাফাতের ব্যবহূত বিভিন্ন জিনিসপত্র, যেমন: অন্তর্বাস, টুপি, টুথব্রাশ, খেলার পোশাক ইত্যাদি থেকে। সুহা আরাফাত এগুলো বিজ্ঞানীদের সরবরাহ করেন।
এসব নমুনাকে ৩৭টি রেফারেন্স নমুনার সঙ্গে মিলিয়ে পরীক্ষা করা হয়েছে। গবেষকদের দেওয়া প্রতিবেদনে বলা হয়েছিল, ‘রেফারেন্স স্যাম্পলের সঙ্গে তুলনা করে আরফাতের শরীরের তরল পদার্থে (রক্ত ও প্রস্রাব) বহুগুণ বেশি মাত্রার পলোনিয়াম ২১০ পাওয়া গেছে।... আরাফাতকে বিষপ্রয়োগে হত্যা করা হয়েছিল এমন সন্দেহকে সমর্থন করছে এসব ফল।’
বিজ্ঞানীরা বলছেন, পলোনিয়ামের তেজস্ক্রিয়তা মাপা হয় এমবিকিউ বা মিলিব্যাককোয়ারেলে। পলোনিয়াম খুব দ্রুত নষ্ট হয়ে যায়। তবুও নমুনাগুলোতে পলোনিয়ামের যে পরিমাণ তেজস্ক্রিয়তা পাওয়া গেছে, তা কম্পিউটারে পরীক্ষা করে দেখা গেছে, ২০০৪ সালে ওই তেজস্ক্রিয়তা ছিল কোটি কোটি গুণ বেশি।
ইনস্টিটিউট অব রেডিয়েশন ফিজিক্স পরিচালিত হয় ভদোয়িস ইউনিভার্সিটি হসপিটাল সেন্টারের অধীনে। এ সেন্টারের গণযোগাযোগ বিভাগের প্রধান বিয়াত্রিচে সাদ বার্তাসংস্থা এএফপিকে বলেন, বিজ্ঞানীরা গত বছর যা বলেছিলেন তার ‘বৈজ্ঞানিক ভাষ্য’ প্রকাশিত হয়েছে দ্য ল্যান্সেটে। তিনি আরও বলেন, ‘এ বছরে নতুন করে বলার কিছু নেই। তাঁকে বিষপ্রয়োগে হত্যা করা হয়েছিল এখনো এমন কোনো উপসংহারে পৌঁছাননি বিজ্ঞানীরা।’