আরাফাতের দেহাবশেষ উত্তোলনের প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাতকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছিল কি না, তদন্ত করে দেখার জন্য তাঁর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের প্রস্তুতি চলছে। পশ্চিম তীরের রামাল্লায় তাঁর সমাধি এলাকা নিরাপত্তাবেষ্টনী দিয়ে গতকাল মঙ্গলবার ঘিরে রাখা হয়।আরাফাতের দেহাবশেষ উত্তোলনের সুনির্দিষ্ট সময় জানায়নি ফিলিস্তিনি কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, আগামী দু-এক সপ্তাহের মধ্যেই তা উত্তোলন করা হবে। ২০০৪ সালে ফ্রান্সের একটি হাসপাতালে মারা যান আরাফাত। তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে চিকিৎসকেরা নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি। কিন্তু তাঁর পোশাকসহ ব্যবহার্য ব্যক্তিগত জিনিসপত্রে উচ্চমাত্রায় তেজস্ক্রিয় পদার্থ পলোনিয়াম আছে বলে ধরা পড়ার পর ফরাসি পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। বিশেষজ্ঞরা জানান, কোথাও কোথাও ওই পদার্থের মাত্রা স্বাভাবিকের চেয়ে ১০ গুণ পর্যন্ত বেশি এবং এটি প্রাকৃতিক কোনো উপায়ে আসার কথা নয়। আরাফাতের বিধবা স্ত্রী সোহা আরাফাত অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে ফ্রান্সের একটি আদালতে গত জুলাইয়ে একটি মামলা করেন। সোহা আরাফাত বলেন, ‘আমি প্রথমে হতভম্ব হয়ে পড়েছিলাম। কারণ, পলোনিয়াম অত্যন্ত বিপজ্জনক বিষাক্ত বস্তু। কেউই আরাফাতের মরদেহের ময়নাতদন্তের কথা ভাবেনি।’সোহা আরাফাত আরও বলেন, আরাফাতকে বাঁচাতে ফরাসি ডাক্তারদের চেষ্টার ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতি জানার ব্যবস্থা হয়তো তাঁদের কাছে ছিল না। এটার একটা গভীর তদন্ত হওয়া প্রয়োজন। আরাফাতের মৃত্যুর ব্যাপারে প্রকৃত সত্য বের করা দরকার। বিবিসি।