আরাফাতের স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনের প্রয়াত নেতা ইয়াসির আরাফাতের স্ত্রী সুহা আরাফাতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তিউনিসিয়া। গত সোমবার দেশটির বিচার মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ কথা জানান। সুহা আরাফাত তাঁর বিরুদ্ধে আনা এই অভিযোগ অস্বীকার করেছেন।বিচার মন্ত্রণালয়ের মুখপাত্র খাদেম জয়নুল আবেদিন সাংবাদিকদের বলেন, সুহা আরাফাতের (৪৮) বিরুদ্ধে তিউনিসের একটি আদালত এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি। তিউনিসিয়ার সাবেক শাসকের পরিবারের সঙ্গে বিতর্কের জের ধরে ২০০৭ সালে তিউনিসীয় নাগরিকত্ব ত্যাগ করেন সুহা। এখন তিনি মাল্টায় বসবাস করছেন। সেখানে তাঁর ভাই ফিলিস্তিনি দূতের দায়িত্ব পালন করছেন। তিউনিসিয়ার পত্রপত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী ২০০৭ সালের একটি দুর্নীতির অভিযোগে সুহার বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ওই সময় তিউনেসিয়ার সাবেক ফার্স্ট লেডি লায়লা ত্রাবেলসির সঙ্গে মিলে তিউনিসে একটি আন্তর্জাতিক স্কুল প্রতিষ্ঠা করেন সুহা। কিন্তু পরের বছরই দুজনের ঘনিষ্ঠ সম্পর্কে ফাটল ধরে।অভিযোগ রয়েছে, তাঁদের ওই স্কুলের সরাসরি প্রতিদ্বন্দ্বী হতে পারে, এমন একটি বেসরকারি স্কুল বন্ধ করে দেওয়ার ব্যাপারে পদক্ষেপ নেন লায়লা। লায়লার এই ভূমিকার কঠোর সমালোচনা করেন সুহা। এতে তাঁদের সম্পর্কের অবনতি ঘটে। উইকিলিকসের ফাঁস করা মার্কিন কূটনৈতিক তারবার্তার তথ্য অনুযায়ী, ওই সময় তৎকালীন মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করে সুহা তিউনিসিয়ার ক্ষমতাসীন শাসক পরিবারের কঠোর সমালোচনা করেছিলেন। তিউনিসিয়ার সাবেক স্বৈরশাসক জয়নাল আবেদিন বেন আলীকে সুহা বলেছিলেন, তিনি তাঁর স্ত্রীর কথায় চলেন। সুহা আরাফাত দীর্ঘ সময় তিউনিসিয়ায় কাটিয়েছেন। গণ-অভ্যুত্থানের মুখে গত জানুয়ারিতে বেন আলী ও তাঁর পরিবারের সদস্যরা তিউনিসিয়া থেকে পালিয়ে সৌদি আরব যান। বেন আলী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতিসহ নানা অভিযোগে তিউনিসিয়ায় বিচার চলছে। এর মধ্যে কয়েকটি মামলায় তাঁদের দণ্ডাদেশও হয়েছে। এএফপি।