আরাফাতের স্বাভাবিক মৃত্যু হয়েছে: রাশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিষে নয়, ফিলিস্তিনের প্রয়াত নেতা ইয়াসির আরাফাতের স্বাভাবিক মৃত্যু হয়েছে। রাশিয়া গতকাল বৃহস্পতিবার এ কথা বলেছে। তবে মস্কোতে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ফায়েদ মোস্তফা বলেছেন, আরাফাত হত্যাকাণ্ডের তদন্ত অব্যাহত থাকবে।

গত বছর আল-জাজিরার এক প্রামাণ্যচিত্রে আরাফাতের পোশাকে পলোনিয়াম ২১০ নামের এক ধরণের রাসায়নিক পদার্থের উপস্থিতির বিষয়টি প্রচার করা হয়। এরপর আরাফাতের শরীর থেকে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করেন সুইজারল্যান্ড, ফ্রান্স ও রাশিয়ার ফরেনসিক বিশেষজ্ঞরা।

গত মাসে সুইজারল্যান্ডের পক্ষ থেকে বলা হয়, তাদের পরীক্ষায় পলোনিয়ামের আলামত পাওয়া গেছে। তবে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে তাদের পক্ষ থেকে কিছু বলা হয়নি। তবে চলতি মাসের শুরুর দিকে ফ্রান্সের বিজ্ঞানীরা যে মত দিয়েছেন, সেভাবেই কথা বলেছেন রাশিয়ার বিশেষজ্ঞরাও। দুই পক্ষের অভিমত, পলোনিয়াম প্রয়োগে আরাফাতকে হত্যা করা হয়নি।

রাশিয়ার রাষ্ট্রীয় ফরেনসিক সংস্থা ফেডারেল মেডিকো-বায়োলজিক্যাল এজেন্সি জানায়, ইয়াসির আরাফাত তেজস্ক্রিয়ার প্রভাবে মারা যাননি, তাঁর স্বাভাবিক মৃত্যু হয়েছে।

২০০৪ সালে ইসরায়েলি ট্যাংক পরিবেষ্টিত ফিলিস্তিনের রামাল্লার বাসভবনে আহারের পর আরাফাত অসুস্থ হয়ে পড়েন। এর চার সপ্তাহ পর ফ্রান্সের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর পর ফিলিস্তিনের পক্ষ থেকে জানানো হয়, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে আরাফাত মারা গেছেন। রয়টার্স।