আরিয়ানাকে আচমকা পেয়ে আপ্লুত ভক্তরা

হাসপাতালে চিকিৎসাধীন আহত ভক্তদের সামনে হঠাৎ হাজির হলেন আরিয়ানা গ্রান্ডে। প্রিয় শিল্পীকে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন ভক্তরা।
গত ২২ মে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে মার্কিন এই সংগীত শিল্পীর কনসার্টে আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। ওই হামলায় ২২ জন নিহত হন। আহত হন ৬৪ জন। হতাহত ব্যক্তিদের সম্মানে ও অর্থসহায়তায় কাল রোববার ম্যানচেস্টারে আয়োজিত এক কনসার্টে যোগ দিচ্ছেন আরিয়ানা গ্রান্ডে। এই কনসার্ট উপলক্ষে তিনি গতকাল শুক্রবার যুক্তরাজ্যে আসেন। এ সময় রয়েল ম্যানচেস্টার চিলড্রেন হাসপাতালে চিকিৎসাধীন আহত শিশু ভক্তদের দেখতে যান তিনি।
হামলায় আহত হয়ে ওই হাসপাতালে চিকিৎসাধীন আট বছরের লিলি হ্যারিসনকে দেখতে গেলে সে খুশিতে ফেটে পড়ে। তাকে জড়িয়ে ধরে ছবি তোলেন আরিয়ানা। লিলির বাবা বলেন, তিনি তাঁর মেয়েকে এত খুশি কখনো দেখেননি।

জাদেন নামের আহত এক মেয়ের মা পিটার মান এই সংগীত তারকার আকস্মিক হাসপাতাল পরিদর্শন নিয়ে লিখেছেন, ‘তিনি আসায় আমি এতটাই খুশি যে মনে হচ্ছে আনন্দে ফেটে পড়ব। জাদেনকে এত আনন্দিত হতে কখনো দেখিনি। সে আবেগে কেঁদে ফেলেছিল।’
এভি মিলস নামের ১৪ বছর বয়সী আরেক কিশোরীকেও দেখতে যান আরিয়ানা গ্রান্ডে। এ সময় তিনি হাসপাতালে সেবিকা ও কর্মীদের সঙ্গেও কথা বলেন।
তারকাবহুল এই কনসার্টে আরিয়ানার সঙ্গে গাইবেন কেটি পেরি, জাস্টিন বিবার, মাইলি সাইরাস, উশার, ফ্যারেল উইলিয়ামস, নিয়াল হোরান, ব্যান্ড টেক দ্যাট ও কোল্ড প্লে। ‘ওয়ান লাভ ম্যানচেস্টার’ নামের এই কনসার্টের আয়োজন করা হয়েছে ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে।