আরেক তালেবান নেতা মুক্তি পাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শান্তি উদ্যোগকে এগিয়ে নিতে জঙ্গি সংগঠন তালেবানের আফগানিস্তান শাখার সাবেক দ্বিতীয় শীর্ষ নেতা মোল্লা আবদুল গনি বারাদারকে চলতি মাসের মধ্যেই মুক্তি দেবে পাকিস্তান। জ্যেষ্ঠ সাত তালেবান বন্দীকে কয়েক দিন আগেই মুক্তি দেওয়ার পর দেশটি গত মঙ্গলবার বারাদারকে মুক্তি দেওয়ার এ ঘোষণা দিল।
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ মঙ্গলবার বলেন, প্রতিবেশী আফগানিস্তানের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ এগিয়ে নেওয়ার লক্ষ্যেই বারাদারকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি মাসেই তিনি মুক্তি পেতে পারেন। তবে তাঁকে সরাসরি কাবুলের কাছে হস্তান্তর করা হবে না।
এর আগে দুই দফায় মোট ২৬ জন তালেবান বন্দীকে গত বছর মুক্তি দেয় ইসলামাবাদ।
১৯৯৪ সালে তালেবান আন্দোলনের চার প্রতিষ্ঠাতার একজন হলেন বারাদার। তিনি সংগঠনটির আধ্যাত্মিক নেতা হিসেবে পরিচিত মোল্লা মোহাম্মদ ওমরের সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি বলে ধারণা করা হয়। বন্দর নগর করাচি থেকে ২০১০ সালের ফেব্রুয়ারিতে তাঁকে বন্দী করা হয়। তাঁর মুক্তির জন্য আফগানিস্তানের পক্ষ থেকে ইসলামাবাদকে চাপ দেওয়া হচ্ছে।
এদিকে পাকিস্তানের সন্ত্রাসবিরোধী সর্বদলীয় সম্মেলনে (এপিসি) গৃহীত শান্তি প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিতে অজ্ঞাত স্থানে গতকাল বৈঠকে বসেছে তালেবানের পাকিস্তান শাখা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। এপিসিতে গত সোমবার গৃহীত শান্তি প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব নির্ধারণ করা এ বৈঠকের লক্ষ্য। ডন।