ভারতের মুম্বাইয়ে ফটোসাংবাদিককে গণধর্ষণের ঘটনায় জড়িত বলে সন্দেহভাজন আরেক ব্যক্তিকে গতকাল শনিবার গ্রেপ্তার করেছে পুলিশ। আগের দিন গ্রেপ্তার হওয়া আরেকজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্য তিনজনকে ধরতে সাঁড়াশি অভিযান চলছে। বৃহস্পতিবারের এ ঘটনার প্রতিবাদে ভারতজুড়ে বিভিন্ন স্থানে বিক্ষোভ চলছে।
মুম্বাইয়ের একটি ইংরেজি সাময়িকীর ২৩ বছর বয়সী ওই ফটোসাংবাদিক বৃহস্পতিবার নগরের লোয়ার প্যারোল এলাকার একটি পরিত্যক্ত বস্ত্র কারখানা ভবনের ছবি তুলতে গেলে পাঁচ ব্যক্তির ধর্ষণের শিকার হন। এ ঘটনায় শুক্রবার দক্ষিণ মুম্বাই থেকে চাঁদ বাবু সাত্তাত শেখ ওরফে মোহাম্মদ আবদুল (১৯) নামের এক বেকার যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি অন্য চার সহযোগীর পরিচয় প্রকাশ করেন। ওই চার ব্যক্তি হলেন বিজয় যাদব, কাসিম বাঙালি, সেলিম ও আশফাক। এর মধ্যে বিজয় যাদবকে গতকাল ভোররাতে মুম্বাইয়ের মদনপুর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
মুম্বাইয়ের পুলিশ কমিশনার সত্যপাল সিং জানান, তিনি হাসপাতালে ধর্ষণের শিকার সাংবাদিকের মায়ের সঙ্গে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, তাঁর অবস্থার উন্নতি হচ্ছে।
এদিকে গ্রেপ্তার মোহাম্মদ আবদুলকে গতকাল মুম্বাইয়ের দাদারের একটি অবকাশকালীন আদালতে হাজির করে পুলিশ। এ সময় কাঠগড়ায় দাঁড়ানো আবদুলের মধ্যে কোনো প্রকার অনুশোচনাবোধ দেখা যায়নি। রাষ্ট্রপক্ষের আইনজীবীর আবেদনে সাড়া দিয়ে আদালত ৩০ আগস্ট পর্যন্ত আবদুলের রিমান্ড মঞ্জুর করেন।
নারী পুলিশ সদস্যকে ধর্ষণ: এদিকে ঝাড়খন্ড রাজ্যে পুলিশের এক নারী সদস্য গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই নারী বৃহস্পতিবার রাতে তাঁর এক আত্মীয়র লাশ নিয়ে বাড়ি ফেরার পথে মহাসড়কে ওই বর্বরতার শিকার হন।
এ ছাড়া রাজধানী নয়াদিল্লিতে এক কিশোরী অপহরণ ও ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ জানায়, ১৫ বছরের ওই মেয়েটিকে চলতি সপ্তাহের শুরুর দিকে নয়াদিল্লির সফদারজং হাসপাতালের বাইরে থেকে অপহরণ করে তিন ব্যক্তি। পিটিআই।