আর্কটিক কাউন্সিলের পর্যবেক্ষক হলো চীন ভারত ও দ. কোরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর মেরু অঞ্চলের আটটি দেশের পরিষদে (আর্কটিক কাউন্সিল) চীন, ভারত ও দক্ষিণ কোরিয়াকে পর্যবেক্ষকের মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। উদীয়মান অর্থনীতির এই তিন দেশ আর্কটিক অঞ্চলে জ্বালানিসহ প্রাকৃতিক সম্পদের সন্ধানে খননকাজ চালাতে আগ্রহী।

ইউরোপীয় ইউনিয়নকেও (ইইউ) শর্ত সাপেক্ষে পরীক্ষামূলকভাবে পর্যবেক্ষকের মর্যাদা দিয়েছে আর্কটিক কাউন্সিল।

গত বুধবার সুইডেনের কিরুনায় অনুষ্ঠিত বৈঠকে সংশ্লিষ্ট দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের উপস্থিতিতে নতুন পর্যবেক্ষক দেশগুলো চূড়ান্ত করা হয়। আর্কটিক কাউন্সিল মূলত সুমেরু অঞ্চলের আদিবাসী সম্প্রদায়ের অধিকার সুরক্ষা এবং সেখানকার ভঙ্গুর বাস্তুসংস্থান সংরক্ষণের লক্ষ্যে কাজ করে।  বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির প্রভাবে সুমেরুর বিভিন্ন এলাকা থেকে মূল্যবান খনিজ সম্পদ আহরণের সম্ভাবনা বর্তমানে বেড়েছে। তাই চীন ও ভারতের মতো উঠতি অর্থনীতির দেশগুলো নিজেদের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে এ অঞ্চলের প্রতি নজর দিচ্ছে। 

বিশ্বের মোট অনাবিষ্কৃত তেলসম্পদের ১৩ শতাংশ এবং অনাবিষ্কৃত গ্যাসের ৩০ শতাংশ সুমেরু অঞ্চলে মজুত রয়েছে বলে ধারণা করা হয়।

কানাডা, ডেনমার্ক (গ্রিনল্যান্ড ও ফারো দ্বীপপুঞ্জ), ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, রাশিয়া, সুইডেন ও যুক্তরাষ্ট্রের (আলাস্কা) সমন্বয়ে গঠিত আর্কটিক কাউন্সিলে সব মিলিয়ে এখন পর্যবেক্ষক রাষ্ট্র রয়েছে ছয়টি—চীন, ভারত, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুর। এপি।