আর্কটিকে অনুসন্ধান বন্ধ করল শেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বহুজাতিক তেল ও গ্যাস কোম্পানি শেল সুমেরু অঞ্চলে (আর্কটিক) তেল ও গ্যাসের বিতর্কিত অনুসন্ধান কাজ বন্ধ করার ঘোষণা দিয়েছে। তবে বিতর্কের কারণে নয়, প্রাথমিক অনুসন্ধানে সেখানে ‘হতাশাজনক’ ফল পাওয়াতেই অনুসন্ধানের কাজ বন্ধ ঘোষণা করল সংস্থাটি। খবর বিবিসির।
হঠাৎ করেই গতকাল সোমবার অ্যাংলো-ডাচ কোম্পানি শেল অনুসন্ধান বন্ধের ঘোষণা দিল। শেল বলছে, অনুসন্ধান চালানো কূপে তারা পর্যাপ্ত পরিমাণ তেল ও গ্যাসের সন্ধান পায়নি। আর্কটিকের চুকচি ও বেফোর্ট সাগরে অনুসন্ধান চালিয়ে শেল এযাবৎ ৭০০ কোটি ডলার ব্যয় করে ফেলেছে।
শেল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মার্ভিন ওডাম বলেন, এ অঞ্চলে অনুসন্ধান চালিয়ে একবারেই হতাশাজনক ফল পাওয়া গেছে। এ অঞ্চলে আরও সম্ভাবনা আছে কি না, সেদিকে নজর রাখবে শেল।
আর্কটিকে শেলের তেল-গ্যাসের অনুসন্ধান নিয়ে শুরু থেকেই পরিবেশবাদীদের আপত্তি ছিল।