আর্জেন্টিনায় কির্চনারের শাসনে বিভক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কির্চনার দম্পতি। ছবি: বিবিসির সৌজন্যে
কির্চনার দম্পতি। ছবি: বিবিসির সৌজন্যে

আর্জেন্টিনায় রোববারের ছুটির দিনটা গড়পড়তা যেভাবে কাটে, তা হলো—ঝলসানো মাংস আর লাল পানীয় দিয়ে ভোজ এবং রাজনীতি নিয়ে গরম গরম কথা। প্রয়োজন বিচার করলে এর গুরুত্ব সামান্যই। কিন্তু রাজনীতির বিষয়ে আর্জেন্টিনার অনেক পরিবারই সহজে এ কথা মেনে নেবে না। তারা অনেকেই রাজনীতির বিষয়ে কট্টর। দেশের ক্ষমতা টানা ১০ বছর ধরে কির্চনার পরিবারের কুক্ষিগত হয়ে থাকার বিষয়টি অনেকেই আর মেনে নিতে পারছে না। গত শনিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এমনটিই তুলে ধরা হয়েছে। 

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গতকাল নেসতর কির্চনার ও তাঁর স্ত্রী ক্রিশ্চিনা ফার্নান্দেজ ডি কির্চনার দম্পতির শাসনের ১০ বছর পূর্ণ হয়েছে। শুরুতে দেশবাসীর কাছে এ পরিবারের যে গ্রহণযোগ্যতা ছিল, তাতে এখন বিভক্তি এসেছে।

২০০৩ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন নেসতর কির্চনার। হতাশ আর্জেন্টাইনদের মনে তিনি আশা জাগিয়েছিলেন। অর্থনীতি পুনরুদ্ধারে নানা পদক্ষেপ নেন তিনি।

২০০৭ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন নেসতরের স্ত্রী ক্রিশ্চিনা ফার্নান্দেজ কির্চনার। সরকার পরিচালনায় স্বামীর নীতি ধরে রাখেন তিনি। ২০১০ সালে নেসতর মারা যান। পরের মেয়াদে আবার প্রেসিডেন্ট নির্বাচিত হন ক্রিশ্চিনা।

নিম্ন আয়ের ও গ্রামীণ আর্জেন্টাইনদের মধ্যে তাঁর জনপ্রিয়তা ব্যাপক। এই শ্রেণীর মানুষের জন্য নানা সামাজিক সেবামূলক কর্মসূচি নিয়েছেন তিনি। কিন্তু শহুরে মধ্যবিত্ত শ্রেণীর সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধি, মার্কিন ডলার কেনায় বিধিনিষেধ আরোপ, অপরাধ বৃদ্ধি—এসবের প্রতিবাদে সাম্প্রতিক মাসগুলোতে হাজার হাজার মানুষ তাঁর বিরুদ্ধে বিক্ষোভ করেছে।

ক্রিশ্চিনা ফার্নান্দেজের সমর্থকেরা এই বিক্ষোভের জন্য প্রতিপক্ষের গণমাধ্যমের প্রচারণাকে দায়ী করছে। তবে প্রেসিডেন্টের সমর্থকেরা যা-ই বলুক না কেন, আর্জেন্টিনা আসলে একটি বিভক্ত জাতিতে পরিণত হয়েছে।

মনোরোগ চিকিত্সক লুসিয়ার কথায় তা স্পষ্ট। তিনি বলেন, ‘আমি এই সরকারের ওপর বিশ্বাস হারিয়েছি। স্বজনদের সঙ্গে বিবাদ এড়াতে রাজনীতি নিয়ে কথা না বলার সিদ্ধান্ত নিয়েছি।’

সেখানকার পরিস্থিতি এমন যে, একই পরিবারে কেউ প্রেসিডেন্টকে ঘৃণা করছে, আবার কেউ-বা তাঁকে আদর্শ মনে করছে।

সমাজবিজ্ঞানী এরিবেরতো মুরারোর ভাষায়, ‘আর্জেন্টাইনরা হতাশ। দেশের মানুষ নতুন যুগ আশা করেছিল। চেয়েছিল রাজনৈতিক স্বচ্ছতা। কিন্তু তা অর্জনে ব্যর্থ হয়েছেন প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের সমর্থক ও বিরোধী এবং মধ্যবিত্ত—এই তিন দলে আমাদের সমাজ এখন বিভক্ত।’