আর্জেন্টিনায় সেনাশাসনের সময়ের গোপন নথির খোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৫০ বছরের কারাদণ্ড ভোগের সময় গত মে মাসে মৃত্যু হয় সেনাশাসক জেনারেল ভিদেলার ষ ছবি: এএফপি
৫০ বছরের কারাদণ্ড ভোগের সময় গত মে মাসে মৃত্যু হয় সেনাশাসক জেনারেল ভিদেলার ষ ছবি: এএফপি

আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে সামরিক স্বৈরশাসনের সময়কার দেড় হাজার গোপন নথি পাওয়া গেছে। নথিগুলো পাওয়া গেছে বিমানবাহিনীর পরিত্যক্ত সদর দপ্তরে। সম্প্রতি বুয়েনস এইরেসে এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এ নথির কথা জানানো হয়।
আর্জেন্টিনায় ১৯৭৬ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত সামরিক জান্তা শাসনক্ষমতায় ছিল।
প্রতিরক্ষামন্ত্রী অগাস্টিন রোসি বলেন, প্রাপ্ত দেড় হাজার নথির মধ্যে সামরিক জান্তার ২৮০টি বৈঠকের বিবরণী আছে। এ ছাড়া নথিপত্রের মধ্যে আছে সামরিক সরকারের বিরোধী বিখ্যাত শিল্পী ও বুদ্ধিজীবীদের তালিকা। দেখা গেছে, সামরিক সরকারের জন্য হুমকির মাত্রা হিসাব করে শিল্পীদের এফ১ থেকে এফ৪ পর্যন্ত শ্রেণীতে ভাগ করা হয়।
বর্তমানে আর্জেন্টিনায় সামরিক জান্তার বিরুদ্ধে অনেক হত্যা ও গুমের মামলা চলছে। নতুন আবিষ্কৃত নথিপত্র এসব মামলায় ব্যবহূত হবে কি না, কর্তৃপক্ষ তা জানায়নি।
প্রতিরক্ষামন্ত্রী রোসি বলেন, এই প্রথম পুরো সামরিক জান্তার সময়কালের নথিপত্র উদ্ধার হলো।
১৯৭৬ সালের ২৪ মার্চ এক সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে তখনকার প্রেসিডেন্ট ইসাবেল পেরনকে সরিয়ে ক্ষমতা দখল করে সামরিক জান্তা। জেনারেল হোর্হে রাফায়েল ভিদেলা প্রেসিডেন্ট হন। পরে ১৯৮১ সালে তিনি জেনারেল রবার্তো ভায়োলার কাছে ক্ষমতা হস্তান্তর করেন। জান্তার অন্য দুজন সদস্য ছিলেন বিমানবাহিনীর জেনারেল অরল্যান্ডো র‌্যামন আগোস্টি ও নৌবাহিনীর অ্যাডমিরাল এমিলিও মাসেরা।
পরে জেনারেল ভিদেলার যাবজ্জীবন কারাদণ্ড হয়। কারারুদ্ধ অবস্থায় তিনি মারা যান।
আর্জেন্টিনায় সাত বছরের সামরিক শাসনামলে প্রায় ৩০ হাজার মানুষকে হত্যা করা হয়। বিবিসি।