আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্যানসারে আক্রান্ত, শিগগিরই অস্ত্রোপচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ ডি কির্চনারের গলগ্রন্থিতে ক্যানসার ধরা পড়েছে। আগামী জানুয়ারি মাসে তাঁর অস্ত্রোপচার করা হবে।প্রেসিডেন্টের মুখপাত্র আলফ্রেডো স্কচ্চিমারো বলেন, ২২ ডিসেম্বর প্রেসিডেন্ট কির্চনারের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় তাঁর গলগ্রন্থির ডান পাশে ক্যানসার ধরা পড়ে। তিনি বলেন, প্রেসিডেন্ট কির্চনার ক্যানসারে আক্রান্ত হলেও এখনো তা খুব বেশি ছড়িয়ে পড়েনি। ফলে তাঁর সম্পূর্ণ আরোগ্যের সম্ভাবনা ৯০ থেকে ৯৮ শতাংশ। স্কচ্চিমারো বলেন, অস্ত্রোপচারের জন্য প্রেসিডেন্ট কির্চনারকে অন্তত তিন দিন হাসপাতালে থাকতে হতে পারে। পরে অস্ত্রোপচারের ধকল কাটিয়ে উঠতে আরও অন্তত তিন সপ্তাহ বিশ্রাম নিতে হবে। তিনি বলেন, এ সময় ভাইস প্রেসিডেন্ট আমাডো বুডু প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। আর্জেন্টিনার ক্যানসার অ্যাসোসিয়েশনের সদস্য মার্কো ব্রুনো স্থানীয় টেলিভিশনকে বলেন, ‘আরোগ্যের সম্ভাবনা খুবই প্রবল। ক্যানসার প্রাথমিক স্তরে ধরা পড়ায় তা সহজেই অপসারণ করা সম্ভব হবে। অস্ত্রোপচার শেষে তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন।’ গত অক্টোবরে ৫৪ শতাংশেরও বেশি ভোট পেয়ে ৫৮ বছর বয়সী কির্চনার প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হন। তাঁর নেতৃত্বেই আর্জেন্টিনা বিশ্বের তৃতীয় সয়াবিন রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। এএফপি ও বিবিসি।